বাঙালির আত্মমর্যাদায় চরম আঘাত, সত্যজিৎ রায় ইনস্টিটিউটে তুলকালাম!
বার্তা ডেস্কঃ
September 28, 202610:32 am
কলকাতা: কলকাতার বিখ্যাত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI) অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে রবিবার চরম উত্তেজনা ও হাতাহাতির সৃষ্টি হয়। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
মনীষী অবমাননার মারাত্মক অভিযোগ: ফেসবুক পোস্টে সুকান্ত মজুমদার অভিযোগ করেন, মতাদর্শগত বিরোধের অজুহাতে বামপন্থীরা ভারতমাতা ও বিশ্ববরেণ্য মনীষী স্বামী বিবেকানন্দের ছবিতে থুতু ফেলেছে, লাথি মেরেছে এবং তা প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছে। তিনি লেখেন, “বামপন্থীদের কদর্য চেহারা ও নিকৃষ্ট মানসিকতা আজ আবারও প্রকাশ্যে এল।”
তিনি আরও বলেন, মুখে প্রগতিশীলতা ও বাঙালিয়ানার কথা বললেও এই ধরনের জঘন্য আচরণ সমগ্র বাঙালি জাতির আত্মমর্যাদা ও বাংলার সংস্কৃতির প্রতি চরম অবমাননা।
পুলিশি প্রহরা ও ৩টি এফআইআর: রবিবারের তাণ্ডবের পর সোমবার সকালেও এসআরএফটিআই চত্বরে চরম থমথমে পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসের সুরক্ষায় মূল গেটে পঞ্চসায়র থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। বহিরাগতদের জিজ্ঞাসাবাদ ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এ ঘটনায় পঞ্চসায়র থানায় ইতিমধ্যেই ৩টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে:
- পুলিশের এফআইআর: ক্যাম্পাসের ভেতরের গাড়ি ভাঙচুর ও গোলমালের অভিযোগে।
- আয়োজকদের অভিযোগ: অনুষ্ঠানে বাধা প্রদান ও হামলার বিরুদ্ধে।
- শিক্ষার্থীদের অভিযোগ: অনুমতি নিয়ে সভা করার পরও কেন তাদের ওপর আক্রমণ চালানো হলো—সেই দাবি তুলে পঞ্জিকৃত অভিযোগ।
ঘটনার সূত্রপাত: রবিবার এসআরএফটিআই-এর একটি অডিটোরিয়ামে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের আলোচনা সভা চলছিল। অভিযোগ, প্রতিষ্ঠানের একদল বামপন্থী শিক্ষার্থী এতে বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হাতাহাতিতে রূপ নেয়। বর্তমানে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।