আম্বালায় তিনতলা বাড়ি ধসে মর্মান্তিক মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তূপে আটকে বহু!
বার্তা ডেস্কঃ
September 28, 202610:35 am
আম্বালা: হরিয়ানার আম্বালায় এক ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ধুলকোট গ্রামে হঠাৎই একটি নির্মীয়মাণ তিনতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। ঘটনার পর থেকেই শুরু হয়েছে ব্যাপক উদ্ধার অভিযান।
ধ্বংসস্তূপে ১৫-২০ জন আটকে থাকার আশঙ্কা ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন আম্বালা সিটির এসডিএম দর্শন কুমার। তিনি জানান, ধসে পড়া বাড়ির নিচে ঠিক কতজন আটকা পড়েছেন তা এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিক অনুমান অনুযায়ী ১৫ থেকে ২০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন।
উদ্ধারকাজে নামানো হয়েছে NDRF ও SDRF দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত বের করে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে প্রশাসন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে NDRF, SDRF, দমকল বাহিনী এবং স্থানীয় অ্যাম্বুলেন্স পরিষেবা। উদ্ধার হওয়া আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। এসডিএম জানিয়েছেন, এ পর্যন্ত ১২ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আহতদের মধ্যে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
পলাতক বাড়ির মালিক ও ঠিকাদার বাড়িটি কীভাবে ভেঙে পড়ল, তার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনার পর থেকেই পলাতক ওই বিল্ডিংয়ের মালিক ও ঠিকাদার। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রের খবর, ঘটনার নেপথ্যে কার গাফিলতি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। আপাতত উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকাদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।