পুজোর আগেই খুশির খবর, বনদপ্তরের কর্মীদের বকেয়া বেতন মেটানোর বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
September 28, 20261:02 pm
দুর্গাপুজোর ঠিক মুখে রাজ্য সরকারের বড় সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বনদপ্তরের দৈনিক মজুরিভিত্তিক (ডিএল) কর্মীরা। রাজ্যের বিভিন্ন ফরেস্ট ডিভিশনে গত তিন মাস ধরে বকেয়া থাকা বেতন দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরপরই প্রশাসনের তরফ থেকে অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
সূত্র অনুযায়ী, গত জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাসের আটকে থাকা বেতন মিটিয়ে দিতে ‘ওয়েজ হেড’ ফান্ডে প্রয়োজনীয় টাকার ৫০ শতাংশেরও বেশি ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে।
ডিএল কর্মচারী সংগঠনগুলির দাবি, রাজ্যজুড়ে বনদপ্তরে কাজ করা মোট কর্মীর প্রায় ৭০ শতাংশই অস্থায়ী, যার সংখ্যা প্রায় ৬,০০০-এর কাছাকাছি। জীবনের ঝুঁকি নিয়ে বন্যপ্রাণীদের সামলানো থেকে শুরু করে মাসে ৩০ দিন কাজ করেও তাঁরা নিয়মিত ও পূর্ণ বেতন পান না বলে অভিযোগ ছিল। তার ওপর গত তিন মাস ধরে বেতন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছিলেন কর্মীদের পরিবারগুলি।
অবশেষে প্রশাসনের এই তৎপরতায় মুখে হাসি ফুটেছে বনকর্মীদের। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, নির্দেশ পাওয়ার পরেই বকেয়া দ্রুত মেটানোর কাজ শুরু হয়েছে। পুজোর আগেই পাওনা টাকা হাতে পেয়ে বড় স্বস্তি ফিরছে হাজার হাজার অস্থায়ী কর্মী ও তাঁদের পরিবারে।