২০০০ টাকার বেশি UPI লেনদেনে অতিরিক্ত চার্জ! বড় ধাক্কা খেলেন সাধারণ মানুষ?
বার্তা ডেস্কঃ
September 28, 20263:00 pm
২,০০০ টাকার বেশি ইউপিআই (UPI) লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) ধার্য করার যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে, তাতে আপাতত স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ফলে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী নিয়ম লাগু হওয়ার পথ সুগম রইল।
তবে এই সিদ্বান্তের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় কেন্দ্র, রিজার্ভ ব্যাঙ্ক (RBI), ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবং ইউপিআই স্টিয়ারিং কমিটিকে নোটিস পাঠিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। চার সপ্তাহের মধ্যে তাদের জবাব তলব করা হয়েছে।
আইনজীবী অঞ্জন দত্ত কেন্দ্রের ১৪ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি এবং ১৫ সেপ্টেম্বরের ঘোষিত এমডিআর কাঠামোর বিরুদ্ধে এই মামলাটি করেন। তাঁর দাবি, পর্যাপ্ত স্বচ্ছতা, সুরক্ষা এবং জনপরামর্শ ছাড়াই তাড়াহুড়ো করে এই ফি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, রুপে ডেবিট কার্ডে সম্পূর্ণ চার্জছাড় থাকলেও ইউপিআই-তে কেন ₹২,০০০ টাকার সীমা বাঁধা হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
১৫ অক্টোবর থেকে কী বদলাচ্ছে?
- ০.৪% এমডিআর: ₹২,০০০ টাকার বেশি যেকোনো পিটুএম (Person-to-Merchant) বা ব্যবসায়ী লেনদেনে ০.৪ শতাংশ ফি বা এমডিআর প্রযোজ্য হবে।
- সর্বোচ্চ সীমা: ₹৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনে এমডিআর সর্বোচ্চ ₹৩০০ টাকা পর্যন্ত হতে পারে।
- নির্দিষ্ট ক্ষেত্র: রেল, টেলিকম, জ্বালানি, বিমা এবং কৃষি সংক্রান্ত ট্রানজ্যাকশনে ₹২,০০০ টাকার ওপর ফ্ল্যাট ₹৫ টাকা এমডিআর ধার্য করা হয়েছে।
- মিউচুয়াল ফান্ড ও সিকিউরিটিজ: এই সমস্ত ক্ষেত্রে এমডিআর হবে ০.০২% (সর্বোচ্চ ₹৩০০ টাকা)।
সাধারণ গ্রাহকের পকেটে চাপ পড়বে? কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এন ভেঙ্কটরামন স্পষ্ট করেছেন যে, এই খরচের বোঝা সাধারণ গ্রাহকের ওপর পড়বে না। এই ফি পুরোপুরি ব্যবসায়ীদের বহন করতে হবে। তা ছাড়া, বাজারের প্রায় ৯৬ শতাংশ লেনদেন বা ছোট বিক্রেতারা এই নতুন কর কাঠামোর বাইরে থাকবেন। মামলাটির পরবর্তী শুনানিতে কেন্দ্র ও আরবিআই-এর জবাবের পরেই বিষয়টির চূড়ান্ত আইনি রূপ স্পষ্ট হবে।