মালগাড়ির চুরি রুখতে ভারতীয় রেলের নয়া চমক!
বার্তা ডেস্কঃ
September 28, 20266:18 pm
পণ্য পরিবহনে এবার হাইটেক নজরদারি! মালগাড়িতে চুরি ও অনিয়ম রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি আনল ভারতীয় রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) এবং আইআইটি গুয়াহাটির (IIT Guwahati) যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘প্রজেক্ট দৃষ্টি’ (Project Drishti)।
কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?
রেল সূত্রে জানা গেছে, ‘প্রজেক্ট দৃষ্টি’ হলো একটি অত্যাধুনিক এআই-ভিত্তিক সিস্টেম। এতে ব্যবহার করা হয়েছে উচ্চগতির (High-Speed) ক্যামেরা, ইন্টেলিজেন্ট লাইটিং এবং সুরক্ষিত নেটওয়ার্কিং ব্যবস্থা। চলন্ত ট্রেন যখন নির্দিষ্ট কোনো পয়েন্ট অতিক্রম করবে, তখন এই ক্যামেরাগুলি ওয়াগনের নম্বর, দরজা, তালা এবং সিলের ছবি ও তথ্য রেকর্ড করে নেবে। সিল বা তালা ভাঙা রয়েছে কি না অথবা কোনো অনিয়ম হয়েছে কি না, তা এআই মুহূর্তের মধ্যে শনাক্ত করে ডিজিটাল রেকর্ড তৈরি করবে।
কেন এই উদ্যোগ?
আগে মালগাড়ির ওয়াগন লক এবং সিল ঠিক আছে কি না, তা রেলকর্মীদের ম্যানুয়ালি বা খালি চোখে পরীক্ষা করতে হতো। বিশেষ করে রাতের বেলা বা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই কাজ অত্যন্ত কঠিন এবং সময়সাপেক্ষ ছিল। নয়া প্রযুক্তি আসার ফলে এখন অনেক দ্রুত ও নির্ভুলভাবে এই পরিদর্শন সম্পন্ন হবে।
অর্থনীতি ও সুরক্ষায় বড় অবদান:
উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানান, ভৌগোলিক প্রতিকূলতার কারণে উত্তর-পূর্ব ভারতের অর্থনীতি ও জীবনযাত্রায় রেলের পণ্য পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘প্রজেক্ট দৃষ্টি’ চালু হওয়ায় পণ্য সামগ্রী চুরির ঝুঁকি কমবে, ট্রানজিট সময় বাঁচবে এবং আরপিএফ (RPF) ও বাণিজ্যিক কর্মীদের কাজের চাপ অনেকটাই কমবে।
আইআইটি গুয়াহাটি এবং রেলের ইঞ্জিনিয়ারদের যৌথ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে প্রযুক্তিভিত্তিক এমন আরও একাধিক উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়িত হবে।