মোবাইলে বুঁদ না থেকে মাঠে ফিরুক যুবসমাজ, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে বিশেষ অনুরোধ নীতিনের!
বার্তা ডেস্কঃ
September 28, 20267:40 pm
কলকাতা: ভার্চুয়াল দুনিয়ার মেকি জাঁকজমক ছেড়ে বাস্তব জীবনের মাটিতে পা রেখে কাজ করার জন্য বিজেপি যুবমোর্চাকে স্পষ্ট নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। রবিবারে শহরে আসার পর থেকেই বিজেপির সাংসদ, বিধায়ক ও বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তিনি। সোমবার কৈখালিতে আয়োজিত ‘যুব ভারত সংলাপ’ কর্মসূচিতে উপস্থিত হয়ে দলের যুব কর্মীদের সমাজ ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর ওপর বিশেষ জোর দেন নীতিন।
এদিনের সভা থেকে যুব সমাজকে ফেক নিউজ থেকে দূরে থেকে সঠিক ও যাচাই করা খবরের ওপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ও মেধার কথা স্মরণ করিয়ে দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, “বাংলা এমন একটি রাজ্য যেখানে খেলধুলো, সাহিত্য এবং শিল্পচর্চা মানুষের ডিএনএ-তেই রয়েছে। যুবদের মোবাইলের স্ক্রিনে বন্দি না থেকে খেলাধুলো, ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও সঙ্গীতের সঙ্গে নিজেদের যুক্ত করা জরুরি।”
রাজ্যে শিক্ষানীতি ও নতুন প্রজন্মের মানসিক বিকাশ নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি বিশেষ অনুরোধ রাখেন তিনি। নীতিন নবীনের মতে, স্কুলের অতিরিক্ত বিষয় (Additional Paper) হিসেবে শিল্প, সংস্কৃতি ও খেলাধুলোকে অন্তর্ভুক্ত করা উচিত, যাতে ছাত্রছাত্রীরা প্রাপ্ত নম্বরের পাশাপাশি ছোটবেলা থেকেই এগুলির প্রতি আগ্রহী হয়ে ওঠে।
বর্তমান প্রজন্মের সারাদিন ঘরে বসে মোবাইলে বুঁদ হয়ে থাকার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় আটকে না থেকে দলের কর্মী তথা সার্বিক যুবসমাজকে বাস্তব জীবনের ময়দানে নেমে কাজ করতে হবে।