ফের ধাক্কা টুলু মণ্ডলের! আরও ৫টি মামলা ছাড়লেন বিচারপতি সৌগত ভট্টাচার্য
বার্তা ডেস্কঃ
September 28, 20268:08 pm
বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের অস্বস্তি যেন পিছু ছাড়ছে না। এবার তাঁর বিরুদ্ধে থাকা আরও পাঁচটি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। মামলাগুলি তিনি হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের কাছে পাঠিয়েছেন। এখন প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন, এই মামলাগুলির শুনানি কোন বেঞ্চে হবে।
উল্লেখ্য, এর আগেও নিজের বিরুদ্ধে থাকা এফআইআর বাতিল করার আর্জি জানিয়ে টুলু মামলা করেছিলেন। সেই মামলা থেকেও সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি ভট্টাচার্য। গত ২৯ ও ৩০ জুলাই বীরভূমের মহম্মদবাজার থানার ডেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার পর থেকেই নিখোঁজ এই পাথর ব্যবসায়ী। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তিনি হয়তো বিদেশে পালিয়ে গিয়েছেন।
ইতিমধ্যেই টুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিউড়ির অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত (এসিজেএম)। আদালতের সেই পরোয়ানাকে চ্যালেঞ্জ করে এবং রক্ষাকবচের আবেদন জানিয়ে পূর্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু। তবে বিচারপতি ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে স্পষ্ট জানান, নিম্ন আদালতের নির্দেশ মেনেই তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে।
এরপর এফআইআর বাতিলের আবেদন নিয়ে মামলাটি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে গেলে, তিনিও তা শুনতে অস্বীকার করেন। তাঁর যুক্তি ছিল, একই বিষয়ে অন্য বেঞ্চে নির্দেশ এসেছে। ফলে মামলাটি পুনরায় পুরনো বেঞ্চে ফেরত আসে। মামলা নিষ্পত্তি হয়ে গেছে জানিয়ে বিচারপতি ভট্টাচার্য সেখান থেকে সরে যান। এবার তাঁর ঝুলিতে থাকা বাকি ৫টি মামলা থেকেও বিচারপতি সরে দাঁড়ানোয় টুলুর আইনি সুবিধা পাওয়ার পথ আরও জটিল হয়ে উঠল।