বারবার আক্রমণের মুখে নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক!
বার্তা ডেস্কঃ
September 29, 20268:35 am
কলকাতা: নিরাপত্তা ছাঁটাই এবং বারবার আক্রমণের শিকার হওয়ার অভিযোগ তুলে সরাসরি কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়লেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে এই বিষয়ে চরম নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে মামলাটির দ্রুত শুনানির আর্জি জানান।
আদালতে অভিষেকের আইনজীবী দাবি করেন, বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত তিনি ‘জেড প্লাস’ (Z+) ক্যাটাগরির সর্বোচ্চ নিরাপত্তার ঘেরাটোপে থাকতেন। কিন্তু নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই ধীরে ধীরে তাঁর সমস্ত নিরাপত্তারক্ষী ও কেন্দ্রীয়/রাজ্য বাহিনী প্রত্যাহার করে নেওয়া হতে থাকে। এমনকি সম্প্রতি কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত তাঁর বাড়ির সামনের স্থায়ী পুলিশ কিয়স্কটিও তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
আইনজীবী আরও জানান, বর্তমানে মাত্র গুটি কতক ‘হাউস গার্ড’ ছাড়া তাঁর সুরক্ষায় আর কেউ নেই। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এর মধ্যে একাধিকবার তাঁর মক্কেলকে হামলার মুখে পড়তে হয়েছে। দেশের অন্যতম প্রধান বিরোধী দলের শীর্ষ নেতার নিরাপত্তা কোন নিয়মে এবং কিসের ভিত্তিতে এভাবে হঠাৎ প্রত্যাহার করে নেওয়া হলো, সেই প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। এই ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।