সাতসকালে তোলপাড় টিএমসি!
বার্তা ডেস্কঃ
September 29, 20268:40 am
উৎসবের মরশুমের আগেই তীব্র চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। সাতসকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হানায় শোরগোল পড়ে গিয়েছে শাসকশিবিরে। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার স্ক্যানারে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। মঙ্গলবার ভোরেই তাঁর কসবার বাসভবনে গিয়ে পৌঁছান ইডি আধিকারিকরা।
অভিযোগ, দুর্গাপুজোয় ‘মাস আর্ট’-এর নাম করে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার বিপুল অঙ্ক তোলা হয়েছে। প্রচার চালানো হয়েছিল, এই অর্থ নাকি ইন্দ্রনীল-ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মাধ্যমে বিখ্যাত ইউনেস্কো (UNESCO)-র সংশ্লিষ্ট প্রকল্পের কাজে ব্যবহার করা হবে। তবে ইডি সূত্রের দাবি, আদতে ইউনেস্কোর সঙ্গে এই আর্থিক লেনদেনের কোনো ধরনের সংযোগই নেই।
বর্তমানে এই ঘটনার তদন্তে নেমে একযোগে ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন গোয়েন্দারা। ইন্দ্রনীল সেনের আত্মীয় এবং অভিযুক্ত ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তার হাইল্যান্ড পার্কের বাসভবনেও চলছে ম্যারাথন তল্লাশি ও নথিপত্র খতিয়ে দেখার কাজ। সাতসকালের এই হানাকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে চরম তোলপাড়।