কলকাতার ঘাটে বিসর্জনে নতুন নিয়ম, এবার মায়ের বিদায় হবে নিয়ম মেনেই!
বার্তা ডেস্কঃ
September 29, 20269:15 am
কলকাতা: দুর্গাপূজার বিসর্জন ব্যবস্থায় এবার এক বড় ও ইতিবাচক পরিবর্তন নিয়ে এল কলকাতা পুরসভা। মাকে আরও শ্রদ্ধাপূর্বক ও সুশৃঙ্খলভাবে বিসর্জন দিতে এবার আর ক্রেন দিয়ে টেনে প্রতিমা নামানো হবে না। পরিবর্তে বিশেষ ট্রলিতে করে সম্পন্ন হবে দেবী প্রতিমার ঐতিহ্যবাহী সাত পাক।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর বিসর্জনের এই নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। ইতোমধ্যে কলকাতার প্রধান বিসর্জন ঘাট ‘বাজে কদমতলা’-য় পৌছে শুরু করেছে বিশেষ এই ট্রলিগুলো।
কীভাবে সম্পন্ন হবে বিসর্জন? বিশাল আকারের প্রতিমা হাত দিয়ে ঘুরিয়ে সাত পাক দেওয়া কার্যত আসাম্ভব। তাই নতুন নিয়ম অনুযায়ী:
- লরি বা ট্রাক থেকে প্রতিমা নামিয়ে সরাসরি বসানো হবে ব্রেক-যুক্ত বিশেষ ট্রলিতে।
- ট্রলিতে রেখেই প্রতিমার সাত পাক ঘোরানো হবে।
- এরপর ট্রলিটি গঙ্গার জলসীমা পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং দড়ির সাহায্যে ভারসাম্য বজায় রেখে নিয়ন্ত্রিতভাবে প্রতিমা নিরঞ্জন করা হবে।
ঘাটগুলোতে জোরদার প্রস্তুতি: বিসর্জনের মূল কেন্দ্রবিন্দু বাজে কদমতলা ও নিমতলা ঘাটে ৮টি করে ব্রেক-যুক্ত ট্রলি নামানো হচ্ছে। পাশাপাশি এই ট্রলিগুলো সঠিকভাবে পরিচালনার জন্য অভিজ্ঞ পুরকর্মীদের সংখ্যাও বাড়ানো হয়েছে।
পুরোনো পদ্ধতি থাকছে যেখানে: প্রতিমা বিসর্জনের মূল প্রক্রিয়ায় ক্রেন নিষিদ্ধ হলেও, জলে প্রতিমা পড়ার পর কাঠামো তোলার জন্য ক্রেন ও জিসিবি (JCB) ব্যবহার করা হবে। গঙ্গা পরিষ্কার রাখতে ৮-১০টি কাঠামো জল থেকে ওঠার পর সেগুলোকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের গাড়িতে তুলে সরাসরি ডাম্পিং গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া হবে।
নতুন এই নিয়ম বাস্তবায়নের মাধ্যমে বিসর্জনের পুরো প্রক্রিয়ায় আরও শৃঙ্খলা ও শ্রদ্ধা বজায় থাকবে বলে আশা করছে প্রশাসন।