পুজোর মুখে কাঁপছে শহর, ইন্দ্রনীল সেনের বাড়িতে আচমকা ইডি হানা!
বার্তা ডেস্কঃ
September 29, 202610:30 am
কলকাতা: দুর্গাপুজোর আগে মঙ্গলবার সকালে তিলোত্তমাজুড়ে বড়সড় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অভিযান। তৃণমূল কংগ্রেস সরকারের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাসভবনসহ শহরের মোট ১৫টি স্থানে একযোগে তল্লাশি চালাচ্ছেন ইডির গোয়েন্দারা। কসবার পাশাপাশি হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্ক, প্রাক্তন মন্ত্রীর আত্মীয়ের বাড়ি এবং এক ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীর ঠিকানাতেও চলছে এই অভিযান।
তল্লাশির নেপথ্য কারণ: ইন্দ্রনীল সেন ও ‘মাস আর্ট’ নামক একটি সংস্থার বিরুদ্ধে দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রি এবং কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। ঘটনাটি বউবাজার থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে তদন্তাধীন।
- ইউনেস্কোর নাম অপব্যবহার: ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর একটি সংগঠন নিজেদের পুজো প্রচারের ‘অফিশিয়াল পার্টনার’ বলে দাবি করে। অভিযোগ, ইউনেস্কোর অনুমতি ছাড়াই তাদের নাম ও লোগো ব্যবহার করা হয়েছিল।
- কোটি টাকার জালিয়াতি: ভিআইপি পাস ও দুর্গাপুজোর প্রচার পাসের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতি করা হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।
অভিযোগের জল কতদূর গড়ায় এবং তল্লাশিতে কী কী গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়, সেদিকেই এখন নজর রাখছে রাজেনীতি ও সাধারণ মানুষ।