দুর্গাপুজোর আগে ইডির বড় ধাক্কা, প্রাক্তন মন্ত্রীর বাড়িতে তল্লাশি!
বার্তা ডেস্কঃ
September 29, 202610:32 am
কলকাতা: দুর্গাপুজোর মরশুমের মুখেই রাজ্যে বড়সড় সিবিআই ও ইডি চাঞ্চল্য! ইউনেস্কোর (UNESCO) নাম ভাঙিয়ে দুর্গাপুজোর ‘ভুয়ো পাস’ বিক্রি ও কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাসভবনসহ অন্তত ১৫টি জায়গায় অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
মঙ্গলবার ভোরে ইডির একটি দল একযোগে কসবা এলাকায় ইন্দ্রনীল সেনের বাড়ি এবং তাঁর সংস্থার অফিসে প্রবেশ করে। পাশাপাশি হুগলির সিঙ্গুরে তাঁর বাগানবাড়ি ‘মোহর’-সহ আত্মীয়দের একাধিক ঠিকানাতেও চলছে জোর তল্লাশি।
অভিযোগের মূল বিষয়: চলতি বছরের জুন মাসে জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি থানায় এফআইআর দায়ের করেন। অভিযোগে জানানো হয়, ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনের সংস্থা ‘মাস আর্ট’ ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে কলকাতার ২৪টি নামী পুজো মণ্ডপ ঘোরানোর জন্য ভিআইপি পাস বিক্রি করত। টিকিট পিছু প্রায় ৪,০০০ টাকা নেওয়া হলেও বাস্তবে ইউনেস্কোর সঙ্গে ওই সংস্থার কোনো সম্পর্কই ছিল না।
তদন্তকারীদের অনুমান, এইভাবে ভুয়ো পাস বিক্রি করে আনুমানিক ৫০ থেকে ৬০ কোটি টাকার বিশাল তছরূপ করা হয়েছে। যদিও এই মামলার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রী, কিন্তু তার মাঝেই দুর্নীতির শিকড়ে পৌঁছাতে এই মেগা তল্লাশি অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।