হাওড়া লাইনে ফের চরম দুর্ভোগ! বাতিল একাধিক লোকাল ট্রেন, দেখে নিন তালিকা
বার্তা ডেস্কঃ
September 29, 202610:28 am
হাওড়া: উৎসবের মরশুমে হাওড়া ডিভিশনে ফের ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটার সম্ভাবনা। ব্যান্ডেল ও শক্তিগড় স্টেশনের মাঝে বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য বড়সড় ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এর জেরে আগামী ৭ দিনের মধ্যে নির্ধারিত ৩ দিন লাইনে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হবে।
কবে ও কখন ব্লক? পূর্ব রেল সূত্রে খবর, আগামী ৩০ সেপ্টেম্বর, ২ অক্টোবর এবং ৫ অক্টোবর ব্যান্ডেল-শক্তিগড় শাখায় ৯০ মিনিটের পাওয়ার ও ট্র্যাফিক ব্লক থাকবে। এই ৩ দিন রাত ২টো ১৫ মিনিট থেকে ভোর ৩টে ৪৫ মিনিট পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই ব্লকের কারণে প্রতিদিন ৪টি করে মোট ১২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
বাতিল ট্রেনের তালিকা (৩০ সেপ্টেম্বর, ২ অক্টোবর ও ৫ অক্টোবর):
- ৩৭৮১২ (বর্ধমান – হাওড়া লোকাল): ভোর ৩:০৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ার কথা, যা বাতিল থাকবে।
- ৩৭৭৮৬ (বর্ধমান – ব্যান্ডেল লোকাল): ভোর ৩:৩৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়া ট্রেনটি বাতিল।
- ৩৭৮১১ (হাওড়া – বর্ধমান লোকাল): ভোর ৪:১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়া এই ট্রেনটি বাতিল রাখা হয়েছে।
- ৩৭৭৮১ (ব্যান্ডেল – বর্ধমান লোকাল): ভোর ৩:৪৫ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ার ট্রেনটিও বাতিল থাকবে।
যাত্রীদের জন্য বাড়তি সুবিধা: অন্যদিকে, যাত্রীদের সুবিধার কথা ভেবে বিন্দুবাসিনী হল্ট স্টেশনে দুটি প্যাসেঞ্জার ট্রেনের অস্থায়ী স্টপেজ ঘোষণা করেছে পূর্ব রেল। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ৫৩৪৩৩ আজিমগঞ্জ-বারহারওয়া প্যাসেঞ্জার এবং ৫৩৪৩৪ বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন দুটি বিন্দুবাসিনী হল্ট স্টেশনে থামবে।