কলকাতায় এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ নিতিন নবীন!
বার্তা ডেস্কঃ
September 29, 202610:25 am
কলকাতা: বঙ্গ সফরে এসে রাজ্যের খেলাধুলো, সংস্কৃতি এবং যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন নবীন। সোমবার কলকাতায় আয়োজিত ‘যুবসংবাদ সম্মেলন’-এ উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র উপস্থিতিতেই বাংলার ভূয়সী প্রশংসা করেন তিনি।
‘খেলাধুলাই পশ্চিমবঙ্গের প্রাণ’ ইডেন গার্ডেন্সে ভারত এবং ব্রাজিলের ফ্রেন্ডলি ম্যাচের প্রসঙ্গ তুলে নীতিন নবীন বলেন, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল আগে আউট হয়ে যাওয়ায় সমর্থকদের মন খারাপ হয়েছিল। কিন্তু ইডেনে এই ম্যাচ দেখার যে সুযোগ আসছে, তা অত্যন্ত আনন্দের। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি অনুরোধ জানান, যেন সর্বোচ্চ সংখ্যায় যুবসাথীদের এই খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়, কারণ খেলাধুলাই পশ্চিমবঙ্গের মূল প্রাণ।
ক্লাব হাউসের ঐতিহ্য ফিরিয়ে আনার ডাক কলকাতার ঐতিহাসিক ক্লাব হাউস সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ক্লাব হাউস থেকেই বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াজগতের পুনর্জাগরণ নিশ্চিত করতে হবে। অতীতে যে ভুল ব্যবহারের জন্য সাধারণ মানুষকে লজ্জিত হতে হয়েছে, সেই অধ্যায় পেছনে ফেলে ঐতিহ্য পুনরুদ্ধারের ওপর জোর দেন তিনি।
মুখ্যমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা ও যুবসমাজকে বার্তা রাজ্যের সামগ্রিক পরিবেশ বদলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি বলেন, ভয় মুক্ত করে ভরসার পরিবেশ তৈরি হওয়ায় বাংলায় ক্রিকেট ও ফুটবলের পুরনো স্বর্ণযুগ আবার ফিরে আসবে।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত তরুণ প্রজন্মের উদ্দেশে বিশেষ পরামর্শ দিয়ে নীতিন নবীন বলেন, জীবনে কোনো একটি ক্ষণস্থায়ী সাফল্য বা ব্যর্থতা দিয়ে পথচলা শেষ হতে পারে না। প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’-র মূল উদ্দেশ্যই ছিল যুবসমাজকে হতাশা থেকে বের করে আনা। ব্যর্থতাই সফলতার নতুন সিঁড়ি, তাই জীবনে শর্টকাট পথ এড়িয়ে চলার জন্য যুবসমাজকে আহ্বান জানান তিনি।