৩১ অক্টোবরের ডেডলাইন, স্বাস্থ্যবিমা নিয়ে নবান্নের বিরাট সিদ্ধান্ত!
বার্তা ডেস্কঃ
September 29, 202610:58 am
কলকাতা: দুর্গাপূজার ঠিক মুখেই স্বাস্থ্যপরিষেবা ও ডেঙ্গি পরিস্থিতি নিয়ে নবান্নে এক জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব। বৈঠকে ১৬টি দফতরের সচিব এবং রাজ্যজুড়ে জেলাশাসকদের কাজের গতি আরও বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যবিমায় ভালো কাজের জন্য বিশেষ পুরষ্কার: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কাজ তরান্বিত করতে বড় ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে যে জেলা এই স্বাস্থ্যবিমা রূপায়ণে সবচেয়ে ভালো পারফর্ম করবে, সেই জেলার জেলাশাসককে মুখ্যসচিব ব্যক্তিগতভাবে সম্মানিত করবেন। পাশাপাশি আয়ুষ্মান ভারত কার্ডের আসাম্পূর্ণ থাকা ‘ই-কেওয়াইসি’ (e-KYC) প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আমজনতা সহজেই বিমার সুবিধা পেতে পারেন।
ডেঙ্গি মোকাবিলায় ‘হটস্পট’ কড়া নজরে: রাজ্যে এ বছর সার্বিকভাবে ডেঙ্গিতে মৃত্যুর হার কমলেও কয়েকটি এলাকা এখনও প্রশাসনিক চিন্তার কারণ। মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি ব্লক এবং কলকাতা পুরসভার কিছু ওয়ার্ডে কেন এখনও ডেঙ্গি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি, তা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন মুখ্যসচিব।
গবেষণামূলক ও প্রশাসনিক হিসাব অনুযায়ী, গত দু’সপ্তাহেই রাজ্যে প্রায় আড়াই হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৩২০-এ। উৎসবের মরশুমে যাতে সাধারণ মানুষকে ভোগান্তিতে না পড়তে হয়, সে জন্য কলকাতা, বিধাননগর, আসানসোল ও শিলিগুড়ির পুর কমিশনারদের এলাকা পরিচ্ছন্ন রাখা ও সতর্কতামূলক ড্রাইভ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।