মহালয়াতেই খুশির জোয়ার, বেলেঘাটা থেকে সোজা সল্টলেক সেক্টর ফাইভ যাবে মেট্রো!
বার্তা ডেস্কঃ
September 29, 202612:30 pm
কলকাতা: দক্ষিণ শহরতলির যাত্রীদের জন্য বিরাট স্বস্তির খবর। মহালয়ার দিনই অরেঞ্জ লাইন মেট্রোয় যুক্ত হতে চলেছে নতুন পালক। আগামী ১০ অক্টোবর (মহালয়া) কবি সুভাষ-বিমানবন্দর রুটের বেলেঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অংশে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ট্রায়াল রান।
মেট্রো নির্মাণকারী সংস্থা আরভিএনএল (RVNL) সূত্রে খবর, এই ট্রায়াল রানে মূলত ট্রেনের সফটওয়্যার অ্যালাইনমেন্ট, সিঙ্ক্রোনাইজেশন এবং যাবতীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে। এই রুটের চিংড়িঘাটায় আটকে থাকা ৩৬৬ মিটারের ফাঁক ভরাট করে ইতিমধ্যে ভায়াডাক্ট ও ট্র্যাক বসানোর কাজ শেষ হয়েছে। এমনকি ১৭ সেপ্টেম্বর সফলভাবে সম্পন্ন হয়েছে পুশ-ট্রলি পরিদর্শনও।
কবে থেকে শুরু হবে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল? সব পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র মিললে চলতি বছরের ডিসেম্বরের শেষেই (ক্রিসমাসের সময়ে) এই অংশে সাধারণ যাত্রীদের জন্য পরিষেবা চালু হয়ে যেতে পারে। বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত (৯ কিমি) মেট্রো চলাচল করে। সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রসারিত হলে এই করিডোরের দৈর্ঘ্য বেড়ে হবে ১৪ কিলোমিটারেরও বেশি। যুক্ত হবে নতুন তিনটি স্টেশন— গৌর কিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভ (আইটি সেন্টার)।
গ্রিন লাইনের সঙ্গে সংযোগ ও যাত্রী সুবিধা: সল্টলেক সেক্টর ফাইভ স্টেশনে অরেঞ্জ লাইনের সঙ্গে গ্রিন লাইনের সংযোগ ঘটানোর জন্য তৈরি হচ্ছে একটি ইন্টারচেঞ্জ ফুটব্রিজ। ফলে দক্ষিণ শহরতলির মানুষ যেমন সহজেই নিউ গড়িয়ার দিক থেকে সরাসরি সল্টলেক আইটি হাবে পৌঁছাতে পারবেন, তেমনই সেক্টর ফাইভ থেকে মেট্রো বদলে দ্রুত পৌঁছে যেতে পারবেন শিয়ালদহ, হাওড়া কিংবা ধর্মতলায়।
পরিকল্পনা অনুযায়ী, অরেঞ্জ লাইনকে ২০২৭ সালের জুনের মধ্যে সিটি সেন্টার টু এবং ওই বছরের শেষ নাগাদ নিউ টাউন হয়ে বিমানবন্দর পর্যন্ত বাড়িয়ে ৩২ কিলোমিটার দীর্ঘ করার লক্ষ্য নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।