নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ বিচারপতি সিনহার!
বার্তা ডেস্কঃ
September 29, 20265:48 pm
কলকাতা: শিক্ষক, শিক্ষাকর্মী ও পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আবারও নতুন মোড়। বিশেষ তদন্তকারী দল (SIT) ভেঙে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। কিন্তু সেই আবেদনে আপাতত কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, সিবিআই চাইলে এই বিষয়ে দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে।
সিবিআইয়ের যুক্তি ২০২২ সালে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই এই সিট গঠন করেছিল। আদালতে কেন্দ্রীয় এজেন্সির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী জানান, গত পাঁচ বছর ধরে এই সিট কাজ করছে। সিংহভাগ তদন্ত ইতিমধ্যেই শেষ হয়েছে, তাই এখন আর আলাদা সিটের প্রয়োজন নেই। বাকি কাজ সিবিআইয়ের দুর্নীতিদমন শাখাই পরিচালনা করতে পারবে। তিনি আরও জানান, দীর্ঘ সময় ধরে সিটে যুক্ত থাকার কারণে অনেক আধিকারিকের পদোন্নতি ও অবসর সংক্রান্ত বিষয় আটকে রয়েছে।
চাকরিপ্রার্থীদের বিরোধিতা অন্যদিকে, সিট ভেঙে দেওয়ার এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন চাকরিপ্রার্থীদের আইনজীবীরা। বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম আদালতে উদ্বেগ প্রকাশ করে জানান, প্রাথমিক নিয়োগ দুর্নীতির মূল তদন্ত সম্পন্ন না করে এভাবে সিট ভেঙে দিলে তদন্তের গতি ব্যাহত হবে।
আদালতের বক্তব্য সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা জানান, এই ধরনের মামলার শুনানির ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে। তাই এই মুহূর্তে হাইকোর্টের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সিবিআই যদি সিট ভাঙতে চায়, তবে তারা সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে। আপাতত এই মামলাটিকে শুনানি তালিকা (List) থেকে বাদ রেখেছে কলকাতা হাইকোর্ট।