নিয়োগ দুর্নীতিতে সিবিআইকে তুলোধুনো বিচারপতি অমৃতা সিনহার, তদন্তের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন!
বার্তা ডেস্কঃ
September 29, 20267:00 pm
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) ভেঙে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের তীব্র প্রশ্নের মুখে পড়ল সিবিআই (CBI)। তবে মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায়, সিবিআই-এর এই আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি, এসআইটি ভাঙা নিয়ে কোনো আর্জি জানাতে হলে সিবিআই-কে সরাসরি দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
আদালতে সিবিআই-এর পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল (ASG) ধীরজ ত্রিবেদী সওয়াল করে জানান, গত প্রায় পাঁচ বছর ধরে এই মামলার তদন্ত প্রক্রিয়া চলছে। দীর্ঘ এই সময়ে তদন্তকারী দলের বেশ কয়েকজন আধিকারিক ইতিমধ্যেই অবসর নিয়েছেন এবং আরও অনেকেই খুব শীঘ্রই অবসর গ্রহণ করবেন। ফলে তাঁদের এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে বলেই এসআইটি ভেঙে দেওয়ার আবেদন জানানো হয়।
সিবিআই-এর এই আবেদনে ক্ষোভ প্রকাশ করে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। সিবিআই-এর উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন— “তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে? এখনও পর্যন্ত তদন্তে কী উঠে এসেছে এবং আগামী দিনে এই মামলার ভবিষ্যৎ কী?”
অন্যদিকে, মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম সিবিআই-এর এই আর্জির তীব্র বিরোধিতা করেন। আইনজীবী ফিরদৌস শামিম প্রশ্ন তোলেন, “তদন্তই যদি শেষ না হয়, তবে এসআইটি গঠন করা হয়েছিল কেন? এখন এসআইটি ভেঙে দিলে তা সুপ্রিম কোর্টের নির্দেশের লঙ্ঘন হতে পারে।”
আদালতের পর্যবেক্ষণে বিচারপতি অমৃতা সিনহা জানান, সুপ্রিম কোর্ট যখন পুরো প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করেছে, তখন এই মুহূর্তে হাইকোর্টের কিছু করার নেই। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকার বিষয়টি বিবেচনা করে হাইকোর্ট সিবিআই-এর আবেদনটি তালিকাভুক্ত করেনি। এসআইটি সংক্রান্ত কোনো পদক্ষেপ নিতে হলে সিবিআই-কে সুপ্রিম কোর্টের দরজাতেই কড়া নাড়তে হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।