ইউনেস্কো দুর্নীতির তদন্তে বড় মোড়, ইডি দপ্তরে তলব ইন্দ্রনীল সেনকে!
বার্তা ডেস্কঃ
September 30, 20268:50 am
কলকাতা: দুর্গাপুজো পরিক্রমার নামে ইউনেস্কোর ভুয়ো পাস বিক্রি এবং ৫০ থেকে ৬০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে এবার কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আতশিকাঁচের তলায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। দীর্ঘ সাড়ে ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন তল্লাশি চালানোর পর মঙ্গলবার রাত ১১টা নাগাদ তাঁর কসবার বাড়ি থেকে বের হন ইডি আধিকারিকরা। তল্লাশি শেষ হতেই আজ সকাল ১০টায় তাঁকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইউনেস্কোর নামে কোটি কোটি টাকার জালিয়াতি অভিযোগ, দুর্গাপুজো পরিক্রমার বাহানায় ইউনেস্কোর ভুয়া পাস বিক্রি করে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের। চলতি বছরের জুন মাসে এই বিষয়ে বউবাজার থানায় একটি লিখিত এফআইআর (FIR) দায়ের হয়েছিল। মঙ্গলবার সেই সূত্র ধরেই তদন্তের পরিধি বাড়িয়ে অভিযানে নামে ইডি।
একযোগে একাধিক জায়গায় অভিযান মঙ্গলবার সকালে ইডির একাধিক দল একযোগে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঠিকানায় তল্লাশি চালায়। ইন্দ্রনীল সেনের কসবার বাসভবন ছাড়াও ইডি আধিকারিকরা হানা দেন:
- ইভেন্ট ম্যানেজার অরিজিৎ দাশগুপ্তের বাড়িতে
- হিন্দুস্তান পার্ক ও হাইল্যান্ড পার্কের একাধিক ঠিকানায়
- সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বাগানবাড়িতে
অভিযোগ অস্বীকার ও আইনি হুঙ্কার নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত আর্থিক দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। চক্রান্তের অভিযোগ তুলে তিনি উল্টে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। দীর্ঘ তল্লাশি অভিযানের পর আজ ইডি কার্যালয়ে হাজিরার পর এই তদন্ত কোন মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।