পুজোর মুখে বড় ধামাকা, রাজ্য পুলিশের রেশন ভাতা একধাক্কায় বাড়াল নবান্ন!
বার্তা ডেস্কঃ
September 30, 20268:52 am
দুর্গাপুজোর আনন্দ দ্বিগুণ করে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কর্মীদের জন্য বড় উপহার দিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মেনে অবশেষে জারি করা হলো সরকারি নির্দেশিকা। অক্টোবর মাসের শুরু থেকেই কার্যকর হতে চলেছে পুলিশকর্মীদের বর্ধিত রেশন ভাতা।
কারা পাবেন এই সুবিধা? স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সাব-ইনস্পেক্টর (SI), সার্জেন্ট এবং তাঁদের নিচের পদমর্যাদার সমস্ত পুলিশকর্মীরা এই বর্ধিত রেশন ভাতা পাবেন।
কত টাকা বাড়ছে?
- এতদিন পর্যন্ত সংশ্লিষ্ট পদের পুলিশকর্মীরা মাসে ১,৫০০ টাকা করে রেশন ভাতা পেতেন।
- আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে সেই ভাতা বাড়িয়ে করা হচ্ছে ২,০০০ টাকা।
- ফলে নিচু তলার কর্মী ও আধিকারিকদের পকেটে প্রতি মাসে অতিরিক্ত ৫০০ টাকা আসবে।
বিজ্ঞপ্তির অন্যান্য তথ্য: অর্থ দফতরের অনুমোদন মেলার পরেই ২৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি নীতিন সিংহানিয়া এই মেমোরেন্ডাম জারি করেন। নির্দেশিকায় জানানো হয়েছে, ১৯৭৫ সাল থেকে শুরু করে ২০০২, ২০১১ ও ২০১৭ সালের বিভিন্ন সরকারি মেমোরেন্ডামের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হলেও রেশন পাওয়ার ক্ষেত্রে আগের অন্যান্য নিয়ম ও শর্তাবলি একই থাকছে।
উৎসবের ঠিক মুখেই ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তে স্বভাবতই খুশির হাওয়া পুলিশ মহলে।