ডেঙ্গি মোকাবিলায় কড়া নবান্ন, ১২ এলাকায় সতর্কতা জারি!
বার্তা ডেস্কঃ
September 30, 20261:42 pm
রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার বিশেষ রণকৌশল নিল রাজ্য সরকার। যে এলাকাগুলিতে সংক্রমণের দাপট বেশি, সেগুলিকে চিহ্নিত করে মোট ১২টি ‘হটস্পট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। নবান্নের উচ্চপর্যায়ের বৈঠকের পরই এই এলাকাগুলিতে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে।
সংক্রমণের শীর্ষে কলকাতা ও হাওড়া রাজ্য প্রশাসন সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্তের নিরিখে এখনও সবার উপরে রয়েছে কলকাতা পুরসভা। শহরের ৫টি ওয়ার্ডে সংক্রমণ সবচেয়ে বেশি— ২, ৫, ১৬, ৭৭ এবং ১১৭ নম্বর ওয়ার্ড। অন্যদিকে, হাওড়া পুরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা ৪৪, যার মধ্যে বিশেষ উদ্বেগে রয়েছে ১৫, ২১ ও ২৪ নম্বর ওয়ার্ড।
জেলায় জেলায় ডেঙ্গির দাপট কলকাতা বা হাওড়াই নয়, বেশ কয়েকটি জেলাতেও থাবা বসিয়েছে ডেঙ্গি:
- মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জ-২ ব্লকে ১০৩ জন, নওদায় ৫১ জন এবং লালগোলায় ৩২ জন আক্রান্ত।
- নদিয়া ও জলপাইগুড়ি: তেহট্ট-১ ব্লকে ৭৪ জন এবং জলপাইগুড়ির মাল ব্লকে ৬৭ ও মাটিয়ালিতে ৩৮ জন সংক্রমিত।
- হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা: পোলবা ব্লকে ৩৮ জন, আর ভাঙড়-১ ও ভাঙড়-২ ব্লকে যথাক্রমে ৩৬ ও ৩২ জন ডেঙ্গি আক্রান্ত।
- আসানসোল: পুরনিগম এলাকাতেও আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩২-এ।
স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতার বার্তা শুধু চিকিৎসাতেই নয়, ডেঙ্গি রুখতে এবার সাধারণ মানুষের সচেতনতার ওপর জোর দিচ্ছে রাজ্য। নবান্নের বৈঠকের পরই সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের (DI) চিঠি পাঠিয়েছে বিকাশ ভবন। নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের প্রতিটি স্কুলে বিশেষ সচেতনতা অভিযান চালাতে হবে। খুদে পড়ুয়াদের সক্রিয়ভাবে যুক্ত করে কীভাবে ডেঙ্গি প্রতিরোধ করা যায়, সেই বার্তা পৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে।