মদের দোকান নিয়ে বড় সিদ্ধান্ত, বদলে গেল রাজ্যের নয়া নীতি!
September 30, 2026
বার্তা ডেস্কঃ
September 30, 20262:20 pm
রাজ্যে খুচরো মদ বিক্রি ও আবগারি নীতিতে বড়সড় রদবদল আনল রাজ্য সরকার। মদের দোকানের লাইসেন্স প্রদান, বন্ধ থাকা দোকান পুনরায় চালু করা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে দূরত্বের মাপকাঠিতে আনা হয়েছে একাধিক নতুন সিদ্ধান্ত। মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকার ৫টি প্রধান পরিবর্তন:
- বাড়ল দূরত্বের সীমানা: শহরাঞ্চলে ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে মদের দোকানের ন্যূনতম দূরত্ব ১,০০০ ফুট (প্রায় ৩০৫ মিটার) থেকে বাড়িয়ে সোজা ৫০০ মিটার করা হয়েছে। তবে এই নিয়মটি শুধুমাত্র নতুন লাইসেন্স আবেদনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে; পুরনো বা বর্তমানে চালু থাকা দোকানগুলি এই নিয়মের বাইরে থাকবে।
- বন্ধ দোকান চালুর সুবর্ণ সুযোগ: অতীতে যে সমস্ত বিদেশি মদের (FL) দোকানের লাইসেন্স বাতিল, প্রত্যাহার বা সমর্পণ করা হয়েছিল, সেই সমস্ত বন্ধ দোকান নতুন লাইসেন্সের মাধ্যমে ফের চালু করার বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে।
- ‘নতুন’ ও ‘বিদ্যমান’ সাইটের স্পষ্ট ব্যাখ্যা: লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি এড়াতে কোন নির্দিষ্ট এলাকা ‘নতুন সাইট’ (New Site) এবং কোনটি ‘বিদ্যমান সাইট’ (Existing Site) হিসেবে গণ্য হবে, তা নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে।
- ‘অন’ শপের ক্ষেত্রে রূপান্তরের সুযোগ: ৪(এইচ) থেকে ৪(কে) শ্রেণির বিদেশি মদের ‘অন’ শপগুলিকে কিছু শর্তসাপেক্ষে ৪(পি) লাইসেন্সে উন্নীত করার অনুমতি দেওয়া হবে। এর ফলে ব্যবসায়ীরা ওই একই স্থান থেকে সব ধরনের মদ বিক্রির সুযোগ পাবেন।
- রাজস্ব বৃদ্ধির নতুন সম্ভাবনা: বকেয়া বা আটকে থাকা পুরনো আবেদনগুলির নিষ্পত্তি এখন থেকে এই নতুন নিয়ম মেরেই করা হবে। সরকারের এই নীতিগত পরিবর্তনের ফলে আবগারি দপ্তর থেকে রাজ্যের রেভিনিউ বা রাজস্ব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করছেন আধিকারিকরা।