অমিত শাহকে নিয়ে পোস্ট বিতর্ক, মহুয়ার বিপদ কি বাড়ল?
বার্তা ডেস্কঃ
September 30, 20262:12 pm
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত পোস্টের জেরে ফের আইনি বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পর পর চারবার হাজিরা এড়ানোর পর, এবার তাঁকে পঞ্চমবারের জন্য নোটিশ পাঠাল ডায়মন্ড হারবার সাইবার থানার পুলিশ। আগামী ৩ অক্টোবর তাঁকে থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিতর্কের সূত্রপাত কোথায়? গত ১ সেপ্টেম্বর রাতে নিজের ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করেন মহুয়া মৈত্র। সেখানে তিনি দাবি করেন, উত্তরবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি কর্মসূচিতে নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের আইপিএস এবং আইএএস আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনজন আধিকারিকের নামও উল্লেখ করেন তিনি।
উসকানির অভিযোগে মামলা ও পুলিশি নোটিশ সাংসদের এই পোস্টের পরেই নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। ডায়মন্ড হারবারের এক বাসিন্দা থানায় অভিযোগ দায়ের করে জানান, সাংসদের এই মন্তব্য সমাজে সাম্প্রদায়িক উসকানি ছড়াচ্ছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তের স্বার্থে সেপ্টেম্বর মাসেই তাঁকে পর পর চারবার হাজিরার নির্দেশ দেওয়া হলেও সাংসদ প্রতিবারই অনুপস্থিত থাকেন। ফলে বাধ্য হয়ে পঞ্চমবারের জন্য তাঁকে তলব করল পুলিশ।
আইনজীবীর বিস্ফোরক দাবি মামলাকারীর আইনজীবী শীর্ষেন্দু দাস অভিযোগ তুলেছেন যে, আইনপ্রণেতা হয়েও মহুয়া বারবার পুলিশি নোটিশ অবজ্ঞা করছেন। তাঁর দাবি, “সাংসদ এর আগেও একাধিকবার সেনাবহিনী, স্বরাষ্ট্রমন্ত্রী, হিন্দু ধর্মের পবিত্র ‘তুলসী’ কিংবা বোরখা নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন পোস্ট সরাসরি সামাজিক সম্প্রীতি নষ্ট করে।”
এর আগে অন্য একটি ভুয়ো চ্যাট সংক্রান্ত মামলায় মহুয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল কৃষ্ণনগর আদালত। কিন্তু এবার নিজের বিতর্কিত পোস্টের জেরেই চরম অস্বস্তিতে কৃষ্ণনগরের সাংসদ। আগামী ৩ অক্টোবর তিনি ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা দেন কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।