দিনেদুপুরে বোমাবাজি! প্রতিবাদ করায় আক্রান্ত বৃদ্ধা, এলাকায় তীব্র আতঙ্ক
বার্তা ডেস্কঃ
ফলতা: গালিগালাজ ও অসামাজিক কাজের প্রতিবাদ করায় দিনেদুপুরে এক বৃদ্ধার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন রোজিনা বিবি নামে ওই বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার দেবীপুর পঞ্চায়েতের তেলিয়া এলাকায়। জনবহুল ঘনবসতি এলাকায় দিনের আলোয় এমন বোমাবাজির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
ঠিক কী ঘটেছিল? স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে আচমকাই রোজিনা বিবির বাড়ির সামনে চড়াও হয় কাদের শেখ ও আব্বাস শেখ নামে দুই ব্যক্তি। অভিযোগ, সেখানে দাঁড়িয়ে তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বৃদ্ধা বাড়ি থেকে বেরিয়ে এর প্রতিবাদ জানালেই দুষ্কৃতীরা তাঁকে ও তাঁর বাড়ি লক্ষ্য করে সজোরে বোমা ছোড়ে। বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা। তাঁর আর্ত চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা। পরবর্তীতে আহত রোজিনা বিবিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আক্রান্তের বিস্ফোরক অভিযোগ: হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধার দাবি, অভিযুক্ত কাদের শেখ একটি খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। সম্প্রতি জেল খেটে এলাকায় ফিরে সে আবার গরু চুরি ও মাদকের কালো কারবারে জড়িয়ে পড়ে। বৃদ্ধার অভিযোগ, চুরি করে আনা গরু তাঁর বাড়ির পাশেই এনে রাখা হতো। বিষয়টি নিয়ে তিনি আগে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন। সেই পুরনো আক্রোশ থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
কী বলছে পুলিশ? খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফলতা থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে ইতোমধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, এটি জমি সংক্রান্ত বিবাদের জের হতে পারে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এক আধিকারিক জানান, বিকেল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশের দাবি, যা ছোড়া হয়েছিল তা মূলত উচ্চশব্দযুক্ত বাজির বোমা। তবে লিখিত অভিযোগ পেলেই আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।