নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের সিট বাতিলের আরজি! তদন্তের ভবিষ্যৎ এখন কোন পথে?
বার্তা ডেস্কঃ
রাজ্যে বহুচর্চিত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের গঠন করা বিশেষ তদন্তকারী দল (SIT) ভেঙে দেওয়ার আবেদনটি ডিলিস্ট বা তালিকা বহির্ভূত করল কলকাতা হাইকোর্ট। শুনানিকালে গোয়েন্দা সংস্থার আইনজীবী যুক্তি দেন, তদন্তকারী দলের বহু কর্মকর্তা ইতিমধ্যে অবসর নিয়েছেন এবং অনেকে নেবেন, তাই তাঁদের রিলিজ করা প্রয়োজন। তবে সিবিআইয়ের এই আরজিতে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি অমৃতা সিনহা সিবিআইয়ের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, এতদিন ধরে তদন্ত চালিয়ে আদতে কী তথ্য উঠে এসেছে এবং এই তদন্তের ভবিষ্যৎ ঠিক কী?
অন্য দিকে, সিট ভেঙে দেওয়ার আবেদনের তীব্র বিরোধিতা করে মামলাকারীদের আইনজীবীরা আদালতে জানান, তদন্ত বন্ধ হয়ে গেলে পুরো প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে এবং আদালতের নির্দেশ অমান্য করা হবে। উভয় পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শোনার পর বিচারপতি সিনহা পর্যবেক্ষণ জানান, সুপ্রিম কোর্ট যেহেতু সামগ্রিক প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে, তাই সিবিআই চাইলে সিট ভেঙে দেওয়া নিয়ে সরাসরি শীর্ষ কোর্টেই দরবার করতে পারে। হাইকোর্ট থেকে আবেদনটি ডিলিস্ট হওয়ায় বর্তমানে বিতর্কিত এই নিয়োগ দুর্নীতি মামলার ভবিতব্য নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।