দশ বছর পর নবান্নে বড় চমক, মন্ত্রী-আমলাদের জন্য আসছে ১৫১টি নতুন গাড়ি!

বার্তা ডেস্কঃ

রাজ্যের মন্ত্রী ও উচ্চপদস্থ আমলাদের যাতায়াতের জন্য একলপ্তে ১৫১টি নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রায় এক দশক পর এত বিপুল পরিমাণ সরকারি গাড়ি একসঙ্গে কেনা হচ্ছে। ইতিমধ্যেই নতুন গাড়ি ক্রয়ের সমস্ত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী দেড় মাসের মধ্যেই গাড়িগুলো হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত মাহিন্দ্রা স্করপিও এবং টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলো সরকারি দপ্তরে যুক্ত হবে। দীর্ঘদিনের পুরনো ও লজঝড়ে গাড়িগুলোর ক্রমবর্ধমান রক্ষণাবেক্ষণ খরচ এবং যান্ত্রিক ত্রুটির কথা মাথায় রেখেই এই বড় পদক্ষেপ করা হয়েছে।

পূর্বে বৈদ্যুতিক গাড়ি কেনার প্রাথমিক পরিকল্পনা থাকলেও দীর্ঘ পথ চলা ও চার্জিংয়ের সমস্যার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত পেট্রলচালিত গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ভাড়ার গাড়িগুলির ক্রমবর্ধমান খরচ এবং মালিকদের ভাড়া বাড়ানোর দাবির চাপও এই সিদ্ধান্তের অন্যতম কারণ। নতুন গাড়িগুলো হাতে আসার পর কোন গাড়ি কোন আধিকারিকের নামে বরাদ্দ হচ্ছে, তার সম্পূর্ণ তথ্যভাণ্ডার সংরক্ষণ করা হবে। নিরাপত্তার স্বার্থে সেই তালিকা কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গেও শেয়ার করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *