শিলিগুড়িতে বিচারকের হিজাব নিয়ে এজলাসেই ‘জয় শ্রীরাম’ স্লোগান, তুঙ্গে বিতর্ক!

বার্তা ডেস্কঃ

শিলিগুড়ি মহকুমা আদালতে এক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার ৪ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক মহিলা বিচারকের হিজাব দেখে এজলাসের ভেতরেই আচমকা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে বসেন এক অভিযুক্ত। আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে একটি ভিনধর্মী বিয়েকে কেন্দ্র করে ‘লাভ জিহাদ’-এর অভিযোগে হওয়া বিক্ষোভের মামলায় এই দিন অভিযুক্তদের হাজিরার নির্দেশ ছিল। বিচারক একে একে অভিযুক্তদের উপস্থিতি যাচাই করার সময় হঠাৎই একজন এই স্লোগান দেন। মুহূর্তের মধ্যে এজলাসে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্তের আইনজীবী তৎক্ষণাৎ বিচারকের কাছে ক্ষমা চেয়ে নিলে সাময়িকভাবে পরিবেশ শান্ত হয়।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই সব পক্ষের আইনজীবীরা তীব্র নিন্দা জানিয়েছেন। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন এবং অন্যান্য আইনজীবীরা স্পষ্ট জানান, আদালতের মতো নিরপেক্ষ স্থানে কোনো রাজনৈতিক বা ধর্মীয় স্লোগান তোলা সম্পূর্ণ বেআইনি। কারও পোশাক দেখে এমন মন্তব্য আদালতের প্রোটোকলেরও পরিপন্থী। যদিও অভিযুক্তের আইনজীবী ত্রিদীপ সাহা ঘটনাটিকে নিছকই ‘কাকতালীয়’ বলে দাবি করেছেন। তাঁর মতে, ওই অভিযুক্ত না বুঝে নিছকই সম্ভাষণ জানাতে গিয়ে শব্দটি উচ্চারণ করে ফেলেছেন, যা বিচারককে উদ্দেশ্য করে বলা হয়নি। তা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *