শ্রীভূমির পুজোয় সুজিতের প্রশংসায় খোদ বিজেপি নেতা!
বার্তা ডেস্কঃ
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম সুজিত বসুকে ছাড়াই আয়োজিত হচ্ছে শ্রীভূমির বিখ্যাত দুর্গাপুজো। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী বর্তমানে সংশোধনাগারে রয়েছেন এবং তাঁকে পুজোর নতুন কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে। তবে এই আবহে শ্রীভূমির মণ্ডপে গিয়ে সুজিত বসুর প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। উৎসবের প্রাক্কালে একজন দাপুটে বিজেপি মন্ত্রীর মুখে কারাবন্দি তৃণমূল নেতার এমন অপ্রত্যাশিত স্তুতি ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা।
সোমবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীকে সংবর্ধনা জানাতে আমন্ত্রণ করা হয়েছিল। সেখানেই পুরনো সদস্যদের উপস্থিতিতে তিনি বলেন, রাজনৈতিক পালাবদল বা ক্লাবের কর্তৃত্ব বদল হলেও সুজিত বসুর অবদান অস্বীকার করার উপায় নেই। বিরোধী শিবিরে থেকেও তিনি অকপটে স্বীকার করেন, শ্রীভূমির পুজোকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সুজিত বসু। তাঁর মতে, সুজিতের মতো সাংগঠনিক ক্ষমতা ও সক্রিয়ভাবে পুজো পরিচালনার দক্ষতা তাঁর নেই। তাই রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও, শ্রীভূমির পুজোকে বিশ্বমানের করে তোলার জন্য তিনি প্রাক্তন বিধায়ককে কুর্নিশ জানান।