মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন, নাবালিকার বিয়ে দিয়ে শ্রীঘরে বাবা ও শ্বশুর!
বার্তা ডেস্কঃ
রাজ্যে বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। দুই বছর আগে মাত্র ১৫ বছর বয়সি নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করায় বাবা ও শ্বশুরকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতদের নাম আকবর আলি মণ্ডল এবং নানসুর আলি শেখ। বুধবার কালনা আদালত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকার বাসিন্দা আকবর আলি মণ্ডল বেশ ধুমধাম করেই নাবালিকা মেয়ের বিয়ে দিয়েছিলেন। বর্তমানে ওই কিশোরীর ৬ মাসের একটি সন্তানও রয়েছে। এতদিন বিষয়টি এলাকায় জানাজানি থাকলেও প্রশাসনের তরফে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাল্যবিবাহ রোধে কড়া বার্তা দিলে নড়েচড়ে বসে প্রশাসন। এরপরই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালিকার বাবা ও শ্বশুরকে গ্রেপ্তার করে। তবে অভিযুক্ত স্বামী এখনও পলাতক এবং তাঁর খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেও একই এলাকায় এক নাবালিকাকে লুকিয়ে বিয়ের অপরাধে স্বামীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রশাসনের এই কঠোর পদক্ষেপে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।