ঘাটাল মাস্টার প্ল্যানে ১২০০ কোটির বরাদ্দ, মিলবে ঘর ও ফসলের ক্ষতিপূরণ!
বার্তা ডেস্কঃ
পুজোর আগেই ঘাটালবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে। পশ্চিম মেদিনীপুরের বন্যা প্লাবিত অঞ্চলের স্থায়ী সমাধানের জন্য অবশেষে কার্যকর হতে চলেছে বহুল চর্চিত ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan)। এই মেগা প্রকল্পের জন্য চলতি অর্থবর্ষেই মোট ১,২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি বন্যাকবলিত এলাকা আকাশপথে পরিদর্শনের পর এই মাস্টার প্ল্যানের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হয়। জানা গেছে, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ অর্থায়নে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। প্রকল্পের ৫০ শতাংশ অর্থ দেবে কেন্দ্র এবং বাকি ৫০ শতাংশ বহন করবে রাজ্য সরকার। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা তহবিল থেকেও অর্থ যোগ করা হবে।
বাড়ি ও কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ: শুধু নদী ভাঙন রোধ বা বাঁধ নির্মাণই নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ির মালিকদের জন্য ১.৮০ লক্ষ টাকা করে আর্থিক অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে। খড়, টালি, টিন বা অ্যাসবেস্টসের ছাদযুক্ত সব ঘরই এই তালিকার আওতাভুক্ত থাকবে। সঠিক উপভোক্তা চিহ্নিত করতে জেলা শাসককে (DM) নির্দেশ দেওয়া হয়েছে বিডিও, স্থানীয় বিধায়ক এবং পুলিশের সহায়তায় দ্রুত তালিকা তৈরি করতে।
এছাড়া, যেসব কৃষকের ধান, সবজি বা পানের খেত জলে তলিয়ে গেছে, তাঁদের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার (PMFBY) আওতায় এনে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
২০২৭ সালের জুনের মধ্যে কাজের বড় লক্ষ্যমাত্রা: মাস্টার প্ল্যানের কাজ দ্রুত সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের তৎপর হতে বলা হয়েছে। লক্ষ্য স্থির করা হয়েছে যেন ২০২৭ সালের জুন মাসের মধ্যেই এই মেগা প্রকল্পের একটি বড় অংশের কাজ শেষ করা যায়।