পুজোর আগেই দারুণ সুখবর, বেতন বাড়ল কাদের!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর আবহেই রাজ্যের ভোকেশনাল ট্রেনারদের জন্য এলো দারুণ সুখবর। কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর সূত্রে জানানো হয়েছে, সেন্ট্রালি স্পনসরড স্কিমের (CSS-VSE) আওতায় থাকা প্রশিক্ষকদের মাসিক পারিশ্রমিক ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার টাকা করা হয়েছে। অর্থ দফতরের অনুমোদন পাওয়ার পর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে ডিভেট-কে (DVET) প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১ অক্টোবর থেকেই এই বর্ধিত বেতন কার্যকর করা হচ্ছে, যা পুজোর মরশুমে স্কুলস্তরের পেশাগত প্রশিক্ষণদাতাদের আর্থিক স্বস্তি দেবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ২২ হাজার টাকা মোট পারিশ্রমিক হিসেবে গণ্য হবে এবং এর মধ্যেই প্রভিডেন্ট ফান্ড (EPF) ও ইএসআই (ESI)-সহ যাবতীয় সরকারি অনুদান যুক্ত থাকবে। ফলে এর ওপর অতিরিক্ত কোনো আর্থিক সুবিধা দাবি করা যাবে না। বেতন কাঠামোর পরিবর্তন হলেও নিয়োগের অন্যান্য সমস্ত নিয়ম ও শর্তাবলী আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যালয়ে সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে এই প্রশিক্ষকদের অবদান অনস্বীকার্য। উৎসবের আগেই নতুন বেতন কার্যকর হওয়ায় খুশি কর্মীবৃন্দ।