দুর্গাপূজার আনন্দ মুহূর্তে বিষাদ! ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ৭ জন

বার্তা ডেস্কঃ

অমরাবতী: উৎসবের মেজাজের মাঝেই নেমে এলো ঘোর অন্ধকার। দুর্গাপ্রতিমা নিয়ে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ল ৩৫ জন পুজো উদ্যোক্তা ও ভক্তদের একটি দল। ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। গুরুতর আহত ২১ জন চিকিৎসাধীন, যাদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে মহারাষ্ট্রের অমরাবতীর সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে।

যেভাবে ঘটল দুর্ঘটনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুলঢানার শেগাঁও থেকে একটি দুর্গা প্রতিমা নিয়ে টেম্পো করে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে ওয়ার্ধার দিকে যাচ্ছিলেন। মাঝপথে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এসে ধাক্কা মারে টেম্পোটিতে।

সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, টেম্পোটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের কয়েকজন ছিটকে রাস্তায় পড়েন। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান।

উদ্ধারকাজ ও চিকিৎসাসেবা

খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে পৌঁছায় অমরাবতী গ্রামীণ থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে ধামনগাঁও গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৭ জনকে মৃত ঘোষণা করেন। ২১ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।

তদন্তে পুলিশ প্রশাসন

দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছান অমরাবতীর (গ্রামীণ) পুলিশ সুপার নিকেতন কদম এবং ধামনগাঁও পুরসভার সভাপতি অর্চনা রোঠে। তাঁরা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

পুলিশ সুপার নিকেতন কদম জানান, “দুর্ঘটনায় গুরুতর আহত ২১ জনের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকের গতি কত ছিল, চালকের কোনো গাফিলতি ছিল কি না বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কি না—সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।”

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময়ের জন্য যানজট তৈরি হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *