পুজো পাসের কোটি টাকা কি মমতার অ্যাকাউন্টে? ইডির দাবিতে তোলপাড় বঙ্গ!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর ভিআইপি পাস বিক্রি ও সরকারি টেন্ডারে ব্যাপক অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা দুর্নীতির ঘটনায় নাম জড়াল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)-র দাবি, তৃণমূল নেতা ইন্দ্রনীল সেনের মালিকানাধীন সংস্থা ‘অক্টেভ রেকর্ডস’-এর অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ লক্ষ টাকা সরাসরি পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত অ্যাকাউন্টে। ২০২২ সাল থেকে চলা প্রায় ৮৫ কোটি টাকারও বেশি দুর্নীতির এই ঘটনায় ইডি-র পোস্ট সামনে আসতেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই ঘটনা প্রকাশ্যে আসার পরপরই শাসকদলকে তীব্র আক্রমণে বিধেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
রাজনৈতিক আক্রমণের জবাবে সুর চড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, “উনি নিজে সততার প্রতীক সেজে বাকিদের ফাঁসিয়েছেন, তবে বর্ষাতি গায়ে দিয়ে স্নান করার চালাকি আর চলবে না।” তাঁর মতে, পুরো তৃণমূল দল আজ এই দুর্নীতিতে কলুষিত হয়েছে। অন্যদিকে, মমতার অ্যাকাউন্টে অর্থ লেনদেনের বিষযে সাফাই দিয়ে তৃণমূলের তরফে কুণাল ঘোষ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় গান লেখেন ও সুর দেন। ইন্দ্রনীল সেনের সংস্থার সাথে তাঁর দীর্ঘদিনের পেশাদার চুক্তি ছিল এবং সেই চুক্তির নিয়মানুযায়ীই তিনি নিজের প্রাপ্য অর্থ পেয়েছেন।