মাঝ আকাশে আতঙ্ক, ভারতীয় বিমান সংস্থার নিরাপত্তায় বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র!
বার্তা ডেস্কঃ
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে মাঝআকাশে ভারতীয় পাইলট স্মিত মচ্ছারের ওপর রক্তক্ষয়ী হামলার ঘটনায় গভীরভাবে নড়েচড়ে বসেছে ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এই ভয়াবহ ও অপ্রত্যাশিত ঘটনার প্রেক্ষাপটে দেশের বিমান সংস্থাগুলির জন্য বিশেষ নিরাপত্তা নির্দেশিকা বা অ্যাডভাইজরি জারি করার প্রয়োজন রয়েছে কি না, তা আন্তর্জাতিক স্তরে পর্যালোচনা করে দেখছে কেন্দ্র। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন সচিব সমীর কুমার সিনহা জানিয়েছেন, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই নিরাপত্তা আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বুধবার ফ্লাইদুবাইয়ের ওই বিমানে কো-পাইলট হঠাৎই ক্যাপ্টেন স্মিত মচ্ছারের ওপর আক্রমণ চালিয়ে ককপিটের নিয়ন্ত্রণ ছিন নেওয়ার চেষ্টা করেছিলেন। উত্তর সৌদি আরবের আকাশসীমায় সংঘটিত এই ঘটনায় বিমানটি আকস্মিক নিচে নেমে গেলেও মারাত্মক জখম অবস্থাতেই বীরত্বের সঙ্গে যাত্রীদের প্রাণ বাঁচান ক্যাপ্টেন মচ্ছার। পরবর্তীতে বিমানে থাকা অন্য পাইলটদের সাহসিকতায় বিমানটি তাবুক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে। বর্তমানে আহত ভারতীয় ক্যাপ্টেন আবু ধাবিতে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।