ভোটার কার্ডে নাম নেই? তরুণদের জন্য কমিশনের মেগা প্ল্যান!
বার্তা ডেস্কঃ
সদ্য ১৮ বছর পূর্ণ করেছেন? নাকি এখনও ভোটার তালিকায় আপনার নাম ওঠেনি? আপনার জন্য রয়েছে অত্যন্ত স্বস্তির খবর। রাজ্যের একজন যোগ্য নাগরিকও যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তার জন্য এবার বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর। নতুন ভোটারদের বিশেষ করে তরুণ প্রজন্মকে (Gen Z) তালিকায় টানতে রাজ্যজুড়ে বিশেষ ক্যাম্প ও অভিযান শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
জেলায় জেলায় বসবে বিশেষ শিবির নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে, SIR তালিকা সংশোধনের পাশাপাশি নিয়মিত ভোটার তালিকা হালনাগাদের কাজও চলবে। জেলা নির্বাচনী আধিকারিক (DEO) এবং নির্বাচনী রেজিস্ট্রেশন আধিকারিকদের (ERO) নজরদারিতে জেলা ও ব্লক স্তরে বসবে বিশেষ শিবির। যে কোনো সহায়তার জন্য থাকবে ডেডিকেটেড হেল্প ডেস্ক।
‘জেন জি’-দের টানতে বিশেষ ফোকাস প্রথমবার যারা ভোট দিতে চলেছেন, সেই নতুন প্রজন্মকে সচেতন করতে উদ্যোগী নির্বাচন কমিশন। এর জন্য বিভিন্ন স্কুল-কলেজ এবং সামাজিক স্তরে থাকা ইলেক্টোরাল লিটারেসি ক্লাব (ELC) গুলিকে সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদন করার সহজ নিয়ম এবং ভোটাধিকারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াবে এই ক্লাবগুলি।
ফরম ৬-এ বড় ছাড়! কমে গেল কাগজপত্রের ঝামেলা নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে ব্যবহার করতে হবে Form 6। তবে কমিশনের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, এবার আর Annexure-IV নামক আলাদা ডিক্লারেশন ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ, অতিরিক্ত কাগজপত্রের ঝক্কি ছাড়াই তরুণ-তরুণীরা অত্যন্ত সহজে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন।
ঝামেলামুক্ত পরিষেবার ওপর জোর ইতিমধ্যেই জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের ভিডিও কনফারেন্স সেরেছে রাজ্য নির্বাচন দপ্তর। সাধারণ মানুষ যাতে শিবিরে গিয়ে সহজে পরিষেবা পান এবং অনাবশ্যক নথি নিয়ে সমস্যায় না পড়েন, সে বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নাম সংশোধন, স্থানান্তর কিংবা নতুন নাম তোলার যে কোনো তথ্যের জন্য স্থানীয় হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।