একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগের বড় আপডেট, কবে শুরু ইন্টারভিউ?
বার্তা ডেস্কঃ
রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পদক্ষেপ করল স্কুল সার্ভিস কমিশন। গত ২৮ সেপ্টেম্বর প্রকাশিত সংশোধিত তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের সময়সূচী প্রকাশ করা হয়েছে। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রক্রিয়া চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। প্রার্থীরা বৃহস্পতিবার থেকেই কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। নির্দিষ্ট দিনগুলিতে বাংলা, ইতিহাস, সংস্কৃত, ইংরেজি এবং গণিতের মতো বিষয়ের ইন্টারভিউ নেওয়া হবে এবং অনলাইন আবেদনের সপক্ষে সমস্ত মূল নথিপত্র বাধ্যতামূলকভাবে সঙ্গে রাখতে হবে।
অন্যদিকে, শিক্ষামন্ত্রী দীপক বর্মন টেট পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করে জানিয়েছেন যে এখন থেকে প্রতি বছরই এই পরীক্ষা নেওয়া হবে। সেই সঙ্গে প্রাথমিকে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে নতুন নিয়োগ শুরু করার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি, মিড-ডে মিলের তহবিল বরাদ্দ এবং প্যারাটিচার ও অন্যান্য বিদ্যালয়ের কর্মীদের বেতন পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী।