পুজোর মুখে ২০ শতাংশ ডিএ কি বিশ বাঁও জলে?
বার্তা ডেস্কঃ
টানা ২০ দিন ধরে সেন্ট্রাল সার্ভার অচল হয়ে থাকায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন কলকাতা পুরসভার কর্মীরা। ‘ই-কেএমসি ২.০’ পোর্টাল বিকল থাকায় মাসপয়লায় হালনাগাদ পে-স্কেল ছাড়াই পুরনো তালিকা অনুযায়ী ব্যাঙ্কে গিয়েছে স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের সেপ্টেম্বর মাসের বেতন। ফলে পদেোন্নতি সত্ত্বেও ন্যায্য এরিয়ারের বাড়তি টাকা পাননি বহু কর্মচারী। তাছাড়া সার্ভার বন্ধ থাকায় আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন এখনও মেলেনি অর্ধেকের বেশি ১০০ দিনের কর্মী এবং সিভিক ভলান্টিয়ারদের একাংশের। ম্যানুয়ালি পে-শিট তৈরি করে কিছু কর্মীর পাওনা মেটানোর চেষ্টা করা হলেও স্বাস্থ্য ও সাফাই বিভাগের অনেকেই এখনও খালি হাতে রয়েছেন।
এই অচলাবস্থার মাঝেই সামনে এসেছে নতুন উদ্বেগ। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ১৪ ও ১৫ অক্টোবরের মধ্যে সরকারি কর্মীদের চলতি মাসের বেতনের সঙ্গে ২০ শতাংশ বর্ধিত ডিএ দেওয়ার কথা। তবে পুরসভার দীর্ঘদিনের স্তব্ধ পোর্টাল সচল না হলে ৩৩ হাজার পুরকর্মীর পে-শিট প্রস্তুত করে কীভাবে ব্যাংকে পাঠানো সম্ভব, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে পুরনো তালিকার ভিত্তিতে বেতন মেটানোর কথা ভাবা হলেও, পুজো উপহারের বাড়তি ডিএ এবং প্রোমোশনের এরিয়ার শেষ পর্যন্ত অ্যাকাউন্টে পৌঁছাবে কি না, তাই নিয়ে পুরকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অনিশ্চয়তা বিরাজ করছে।