আরজি কর মামলায় বড় জয়, তদন্তভার গেল সিবিআইয়ের হাতে!
বার্তা ডেস্কঃ
তিলোত্তমার সৎকার মামলায় খড়দহ থানার পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে বড় পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। চলতি বছরের ১০ আগস্ট নির্মল ঘোষ ও সোমনাথ দে-সহ চারজনের বিরুদ্ধে পরিবারের করা অভিযোগের ভিত্তিতে নতুন করে এফআইআর দায়ের করেছিল পুলিশ। কিন্তু আদালত পূর্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে দেওয়ার পরেও পুলিশের এই পৃথক এফআইআর করার যৌক্তিকতা নিয়ে তীব্র প্রশ্ন তোলে হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ এই মামলার তদন্তভার পুলিশের হাত থেকে সম্পূর্ণভাবে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে।
শুনানিতে বিচারপতি শম্পা সরকার সরাসরি প্রশ্ন তোলেন, আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত চলছে তা কি খড়দহ থানার পুলিশ জানে না? আইন সম্পর্কে পুলিশের এই অজ্ঞতা বা আদালতের সঙ্গে একপ্রকারের চালাকি হিসেবেই বিষয়টিকে দেখছে আদালত। এমনকি, অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি। অন্যদিকে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন যে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের এমন পদক্ষেপ অন্য ক্ষেত্রেও হওয়া উচিত, যার মাধ্যমে হাইকোর্টের মামলার বোঝা কিছুমাত্র কমতে পারে।