মহালয়ায় ইডেনের মেগা ইভেন্ট কি বাতিল? মোদী-অমিত শাহকে ঘিরে বাড়ছে জল্পনা!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর সূচনাতেই কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলেছে এক বর্ণাঢ্য মহাযজ্ঞ। তবে মহালয়ার এই মেগা ইভেন্ট শুরুর আগেই মিলল বড় খবর। সূত্রের দাবি, শেষ মুহূর্তে বদলে যেতে পারে মেগা অনুষ্ঠানের সূচি। ১০ অক্টোবরের এই হাইভোল্টেজ কর্মসূচিতে হয়তো উপস্থিত থাকতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পরিবর্তে এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে প্রধানমন্ত্রীর হাত ধরেই দুর্গাপ্রতিমার চক্ষুদানের পর রাজকীয়ভাবে পুজো পরিক্রমার সূচনা হওয়ার কথা ছিল। রেড রোডে জমকালো রোড শোয়ের পর গাড়িতে চেপে মোদীর ইডেন পরিক্রমার কথা ভাবা হয়েছিল। এছাড়া, বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে অনুষ্ঠানে ১০ হাজার ঢাক এবং ১ হাজার মহিলার উলুধ্বনি দিয়ে অনুষ্ঠানটিকে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ তুলে ধরার প্রস্তুতিও চূড়ান্ত।
তবে সম্প্রতি সিএবি (CAB) আধিকারিকদের সঙ্গে রাজ্য প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে জানানো হয়, শেষ মুহূর্তের ব্যস্ততা বা অন্যান্য কারণে প্রধানমন্ত্রী হয়তো এই আয়োজনে উপস্থিত থাকছেন না। মোদী না এলে ইডেনে গাড়ি নিয়ে পরিক্রমা করার পরিকল্পনাতেও সংস্কৃতি দপ্তরকে বদল আনতে হবে।
প্রধানমন্ত্রী না এলেও এই হাইভোল্টেজ মেগা ইভেন্ট ঘিরে নিরাপত্তায় কোনো খামতি রাখা হচ্ছে না। গত ২৫ সেপ্টেম্বর থেকেই পুরো স্টেডিয়ামের সুরক্ষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে এসপিজি (SPG), যা থাকবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
সূত্রের খবর, মোদীর বদলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার প্রবল সম্ভাবনা থাকলেও, কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। চূড়ান্ত ঘোষণা হলেই প্রধানমন্ত্রীর উপস্থিত থাকা না থাকা নিয়ে সব ধোঁয়াশা পরিষ্কার হয়ে যাবে।