নবান্নে ভুয়ো পিএমও অফিসার! দিল্লি থেকে পাকড়াও চাঞ্চল্যকর এই নারী

বার্তা ডেস্কঃ

প্রধানমন্ত্রীর দফতরের (পিএমও) ভুয়ো আধিকারিক সেজে রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে অনুপ্রবেশের অভিযোগে দিল্লি থেকে আকাঙ্ক্ষা বিদ্যার্থী নামের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আগে থেকে সময় নিয়ে নবান্নে প্রবেশ করে ওই মহিলা নিজেকে পিএমও-র অফিসার দাবি করেন এবং পূর্তমন্ত্রী অজয় পোদ্দার ও অন্য আধিকারিকদের কাছ থেকে বিভিন্ন প্রশাসনিক তথ্য সংগ্রহের চেষ্টা চালান। তবে তাঁর সন্দেহজনক কথাবার্তা ও আচরণে আধিকারিকরা সতর্ক হতেই সুযোগ বুঝে চম্পট দেন তিনি। ভুয়ো পরিচয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পূর্ত দফতরের পক্ষ থেকে শিবপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়।

অভিযোগের ভিত্তিতে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে হাওড়া সিটি পুলিশের বিশেষ দল দিল্লিতে তাঁর অবস্থান নিশ্চিত করে গ্রেফতার সম্পন্ন করে। বৃহস্পতিবার দিল্লির আদালত থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে শুক্রবার সকালে বিমানে তাঁকে শিবপুর থানায় আনা হয়েছে। অভিযুক্তকে হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (সিজেএম) এজলাসে পেশ করার প্রক্রিয়া চলছে। পুলিশ ওই মহিলার বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। নবান্ন থেকে তথ্য সংগ্রহের আসল উদ্দেশ্য কী ছিল এবং এর পেছনে কোনো আন্তঃরাজ্য চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করেছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *