অন্নপূর্ণা যোজনার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? মহিলাদের জন্য বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী!

বার্তা ডেস্কঃ

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও যাঁরা পাননি, তাঁদের জন্য বড় সুখবর! শুক্রবার নন্দীগ্রামে উপনির্বাচনের প্রচারে গিয়ে এই মেগা প্রকল্প নিয়ে বড়সড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে বিরুলিয়ার প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যোগ্য কাউকেই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।

রাজ্যে গত জুন মাস থেকে অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই দেড় কোটির বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে অনেক আবেদনকারীর অভিযোগ ছিল, তাঁরা এখনও প্রথম কিস্তির টাকা হাতে পাননি। সেই উদ্বেগের মাঝেই মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, “ভেরিফিকেশন এবং প্রসেসিংয়ের কাজ একেবারে শেষের পথে। যোগ্য একজনকেও আমরা বঞ্চিত করব না।”

একনজরে মুখ্যমন্ত্রীর দেওয়া বড় আপডেটগুলি:

  • উপভোক্তার সংখ্যা: এখনও পর্যন্ত রাজ্যে মোট ১ কোটি ৫৮ লক্ষ এবং শুধুমাত্র নন্দীগ্রামেই ৭০ হাজার ৩০০ জন মা-বোন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন।
  • বাকি টাকা কবে ঢুকবে? মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, আগামী অক্টোবর মাসের মধ্যেই বাকি যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাবে।
  • প্রক্রিয়া কতদূর? আবেদনকারীদের তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে।

এদিন পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের প্রসঙ্গ টেনেও কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, আগের সরকার মাত্র ৫০০ টাকা দিতে ৯ মাস সময় লাগিয়েছিল। সেখানে বর্তমান সরকার ৫ মাস পেরনোর আগেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দিয়েছে।

মুখ্যমন্ত্রীর এই চূড়ান্ত আশ্বাসের পর, যে সমস্ত মহিলারা এখনও অন্নপূর্ণা যোজনার টাকার অপেক্ষায় রয়েছেন, তাঁরা যে বড়সড় স্বস্তি পেলেন তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *