পুজোর মুখে বড় ধাক্কা, বেতন ও ডিএ নিয়ে অনিশ্চয়তায় কলকাতা পুরকর্মীরা!

বার্তা ডেস্কঃ

টানা কুড়ি দিন ধরে কলকাতা পুরসভার কেন্দ্রীয় সার্ভার বিকল থাকায় নাগরিক পরিষেবা থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রমে চরম বিপর্যয় নেমে এসেছে। অচল হয়ে রয়েছে ‘ই-কেএমসি ২.০’ পোর্টালও। এর ফলে চলতি মাসের শুরুতে পুরসভার স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা পুরনো হিসাবের ভিত্তিতে বেতন পেলেও, পদোন্নতিপ্রাপ্তরা তাঁদের বর্ধিত প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন। পাশাপাশি, পে শিট তৈরি না হওয়ায় ১০০ দিনের কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের একাংশের বেতন পেতেও মারাত্মক বিলম্ব ঘটেছে। পরিস্থিতি সামলাতে ম্যানুয়াল বা হাতে লেখা বেতন তালিকা ব্যবহার করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

এরই মধ্যে আগামী ১৪ ও ১৫ অক্টোবর ঘোষিত কুড়ি শতাংশ বর্ধিত ডিএ এবং নতুন বেতন কাঠামো অনুযায়ী সঠিক হিসাব তৈরি করা নিয়ে তীব্র সংশয় তৈরি হয়েছে প্রায় ৩৩ হাজার পুরকর্মীর মনে। কর্তৃপক্ষের দাবি, জনকল্যাণ শিবিরের জন্য বিকল্প সার্ভার চালু করা হলেও মূল সার্ভার কবে পুরোপুরি সচল হবে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। ফলে কর্মীদের সমস্ত বকেয়া ও বর্ধিত পাওনা কবে অ্যাকাউন্টে জমা পড়বে, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *