বাড়িতেই অগ্নিদগ্ধ বিধায়ক বায়রন বিশ্বাস! সামশেরগঞ্জে তীব্র চাঞ্চল্য

বার্তা ডেস্কঃ

শনিবার সকালে বড়সড় বিপদের মুখে পড়লেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। সামশেরগঞ্জের ডাকবাংলো এলাকায় নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন তিনি। এই বাড়ি থেকেই মূলত বায়রনদের বিড়ি ব্যবসা পরিচালিত হয়। হঠাৎ করেই সকালে তাঁর বাড়ি থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ প্রশাসন এবং দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা। তবে ঠিক কী থেকে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

তড়িঘড়ি বিধায়ক বায়রনকে উদ্ধার করে প্রথমে তাঁরই মালিকানাধীন একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি বিবেচনা করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

বিধায়কের এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের বিভিন্ন নেতৃত্ব। কংগ্রেস নেতা অধীর চৌধুরী তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “বায়রন খুব ভালো মনের ছেলে। আমি খুবই চিন্তিত। প্রয়োজনে আমি নিজে ওঁকে দেখতে যাব।” পাশাপাশি, ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *