ছেলের প্রাণ বাঁচাতে জলপ্রপাতে ঝাঁপ মায়ের, নিখোঁজ সাহসী নারী!
বার্তা ডেস্কঃ
চোখের সামনে ছেলেকে জলের তীব্র স্রোতে ভেসে যেতে দেখে এক মুহূর্তও দেরি করেননি মা। নিজের জীবনের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়েছিলেন জলের মধ্যে। শেষ পর্যন্ত ৭ বছরের ছেলেকে স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা সম্ভব হলেও, জলের তোড়ে ভেসে গেলেন ওই মা। শনিবার ঝাড়গ্রামের বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাতে ঘুরতে এসে এই মর্মান্তিক বিপদের মুখে পড়ে কলকাতার বারুইপুরের একটি পরিবার। এখনও ওই মহিলার কোনও খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ কলকাতার বারুইপুর এলাকার ওই দম্পতি আরও বেশ কয়েকজন পর্যটকের সঙ্গে ঝাড়গ্রামের বিখ্যাত বেলপাহাড়ি ঘাগরা জলপ্রপাতে বেড়াতে যান। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, জলপ্রপাতের পাথরের ওপর বসে মা ও ছেলে জলের মধ্যে পা দোলাচ্ছিল। সেই সময় অন্য পর্যটকরা তাঁদের বারবার ঝুঁকি নিতে বারণও করেছিলেন।
কিন্তু এর পরেই ঘটে যায় সেই মারাত্মক ঘটনা। সেখান থেকে উঠে আসার সময় আচমকাই পা পিছলে জলের মধ্যে পড়ে যায় ওই দম্পতির ৭ বছরের ছেলে। সন্তানকে চোখের সামনে জলের স্রোতে ভেসে যেতে দেখে আর স্থির থাকতে পারেননি মা; সঙ্গে সঙ্গেই তিনি জলে ঝাঁপ দেন।
ঘটনার আকস্মিকতায় সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা ও শিশুটির বাবা তৎক্ষণাৎ উদ্ধারের জন্য জলে নেমে পড়েন। বর্ষার মরসুমে ফুলেফেঁপে ওঠা জলপ্রপাতের তীব্র স্রোতের মধ্যে শিশুটিকে কেকৌশলে উদ্ধার করতে সক্ষম হলেও, মহিলার নাগাল পাওয়া যায়নি। জলের তোড়ে তিনি চোখের নিমিষে তলিয়ে যান।
খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় বেলপাহাড়ি থানার পুলিশ। বেলপাহাড়ি থানার আইসি-র নেতৃত্বে নিখোঁজ মহিলার সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই মহিলার কোনও খোঁজ মেলেনি।
সারা বছর ঘাগরা জলপ্রপাতে জলের স্রোত তেমন একটা না থাকলেও, বর্ষার সময় এটি অত্যন্ত বিপজ্জনক রূপ নেয়। সামান্য অসতর্কতা যে কতটা বড় বিপদ ডেকে আনতে পারে, শনিবারের এই দুর্ঘটনা তারই এক মর্মান্তিক প্রমাণ হয়ে রইল।