বাগডোগরায় গণপিটুনিতে নিহত ১, জ্বলছে পিকআপ ভ্যান!

বার্তা ডেস্কঃ

শিলিগুড়ির বাগডোগরা থানার তারাবাড়ি এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত মোট পাঁচজনকে আটক করেছে এবং আরও দু’জন পলাতক রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে একটি আগুনে ভস্মীভূত পিকআপ ভ্যান ও একটি ভাঙচুর করা চারচাকা গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন দুষ্কৃতী তারাবাড়ি এলাকায় গরু চুরি করতে আসে। স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা হাতেনাতে কয়েকজনকে ধরে ফেলে। এরপর আরও একটি চারচাকা গাড়িতে করে আরও কয়েকজন সেখানে পৌঁছয় বলে অভিযোগ।

এরপরই সন্দেহভাজনদের ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করেন স্থানীয়দের একাংশ। উত্তেজিত জনতা সন্দেহভাজনদের ওই পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এই ভয়াবহ গণপিটুনির ফলেই এক ব্যক্তির মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া ও বাগডোগরা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত ও ধৃতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। পাশাপাশি জলঘাটা ফাঁড়ির পুলিশও একজনকে আটক করেছে।

ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মৃত ব্যক্তি ও আটক অন্যান্যদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঠিক কী কারণে এবং কী পরিস্থিতিতে এই গণপিটুনির ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *