ফিফার নিয়ম মেনেই সফল আয়োজন, মন্ত্রী-পুলিশের সংযত আচরণে মুগ্ধ সবাই!

বার্তা ডেস্কঃ

কলকাতা: গত বছর ডিসেম্বর মাসে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতি ঘিরে যে চরম বিশৃঙ্খলা ও লজ্জার সৃষ্টি হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে এবার সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হল ভারত-ব্রাজিল ফুটবল ম্যাচ। সেদিন মাঠে নেমেও ভিড় ও ধাক্কাধাক্কির জেরে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন খোদ মেসি। আয়োজক থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা—সব কিছু নিয়েই তৎকালীন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন হতাশ দর্শকরা। মোটা টাকা দিয়ে টিকিট কেটেও মাঠে নেমে মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর চালিয়েছিলেন তাঁরা। প্রতিশ্রুত ক্ষতিপূরণও মিলছিল না বলে অভিযোগ ছিল।

তবে সমস্ত ভুল শুধরে শনিবার যুবভারতীতে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গেই সম্পন্ন হলো ব্রাজিল বনাম ভারতের হাইভোল্টেজ ম্যাচ। আর এই সফল আয়োজনের নেপথ্যের রহস্য ফাঁস করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আমরা অনেক সাবধানে করেছি, ফিফার নিয়ম মেনে করেছি। ফুটবল মানেই কলকাতা। আমাদের কোনও মন্ত্রী থেকে শুরু করে পুলিশ—কাউকেই আপনারা সেলফি তুলতে দেখেননি। আমরা আগেই কড়া নির্দেশ দিয়েছিলাম, সমস্ত টিকিট বিক্রি করতে বারণ করা হয়েছিল যাতে স্টেডিয়ামের শৃঙ্খলা বজায় রাখা যায় এবং ভিড় পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে।”

প্রতারিত দর্শকদের জন্য বড় ঘোষণা: মেসি ম্যাচের সেই দুঃস্মৃতি ভুলিয়ে দিতে এবং টিকিট কেটেও বঞ্চিত হওয়া দর্শকদের মুখে হাসি ফোটাতে এক বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, যাঁরা গতবার অনলাইনে টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি, তাঁদের জন্য আগামী ৬ অক্টোবর যুবভারতীতে ভারত বনাম উরুগুয়ে ম্যাচের ২২ হাজার টিকিট সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে টিকিটপ্রতারণার শিকার হওয়া ফুটবলপ্রেমীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *