পুজোর আগে রেশনে বড় ধামাকা! অর্ধেক দামে মিলবে ময়দা-চিনি-সুজি, কারা পাবেন সুবিধা?

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর আগে রেশন কার্ডধারী পরিবারগুলির জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। পুজোর সপ্তাহে রেশন দোকান থেকেই বাজারের তুলনায় অর্ধেক দামে ময়দা, চিনি ও সুজি দেওয়া হবে। রাজ্যের প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার এই বিশেষ সুবিধার আওতায় আসবে, যার ফলে উপকৃত হবেন ৮ কোটিরও বেশি মানুষ। এই উৎসবের প্যাকেজটির জন্য রাজ্য খাদ্য দপ্তরকে ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে।

কী কী মিলবে রেশনে?

পুজোর সপ্তাহে প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে নির্দিষ্ট পরিমাণে এই তিনটি সামগ্রী দেওয়া হবে:

  • ১ কেজি ময়দা: দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১৯ টাকা।
  • ১ কেজি চিনি: পাওয়া যাবে ৩০ টাকায়।
  • ৫০০ গ্রাম সুজি: সুজির দাম এখনও চূড়ান্ত হয়নি, তবে এর জন্য বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলছে।

বাকি ৫০ শতাংশ টাকা দেবে রাজ্য সরকার

নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ও খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সামগ্রীগুলির মোট দামের বাকি ৫০ শতাংশ ভর্তুকি হিসেবে রাজ্য সরকার বহন করবে। ময়দা ও চিনির টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সুজির টেন্ডারের কাজও দ্রুত শেষ করা হবে।

প্রথমে এই সামগ্রীগুলি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা থাকলেও, রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর ৫০ শতাংশ ছাড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে রাজ্যের আর্থিক অবস্থা অনুকূল হলে আগামী বছর থেকে এই সমস্ত সামগ্রী উৎসবের সময় সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

সব সম্প্রদায়ের মানুষের জন্যই এই সুবিধা

পুজোর মরসুমে এই বিশেষ ছাড় দেওয়া হলেও এটি নির্দিষ্ট কোনো একটি সম্প্রদায়ের জন্য নয় বলে স্পষ্ট জানানো হয়েছে। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজনে বিশ্বাস করে না। এই ‘ফেস্টিভ প্যাকেজ’ রাজ্যের সমস্ত রেশন কার্ডধারী পরিবারের জন্যই প্রযোজ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *