কলকাতা থেকে সোজা ইউরোপে উড়ান! ৮টি নতুন বিমানবন্দর নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বার্তা ডেস্কঃ

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পাঁচ মাসের মাথায় বিমান পরিকাঠামো উন্নয়নে এক গুচ্ছ বড় পরিকল্পনা সামনে এল। বাংলায় আকাশপথে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে যৌথ উদ্যোগে ময়দানে নেমেছে কেন্দ্র ও রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে ৮টি নতুন বিমানবন্দর বা এয়ারস্ট্রিপ তৈরি এবং বেহালা ফ্লাইং ক্লাবে একটি বিশ্বমানের পাইলট ট্রেনিং হাব গড়ে তোলার কথা ঘোষণা করেন।

এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নায়ডুর উপস্থিতিতে মোট ৪টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের উন্নয়নমুখী ভাবনার প্রশংসা করে জানান, বেহালা ফ্লাইং ক্লাব পরিদর্শন করে খুব দ্রুত সেখানে পাইলট প্রশিক্ষণ প্রকল্প বাস্তবে রূপ দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, কলকাতা থেকে যুক্তরাজ্য (UK) সহ গোটা ইউরোপে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করা হয়েছে। সেই সঙ্গে রাজ্যের তরুণ প্রজন্ম যাতে নিজ রাজ্যে থেকে পাইলট হওয়ার সুযোগ পায়, তার জন্য বেহালা ফ্লাইং ক্লাবকে আধুনিক মানের প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করার আর্জি জানানো হয়েছিল, যা দ্রুত বাস্তবায়িত হতে চলেছে।

প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, আগের সরকারের সময় জমি জটিলতায় আটকে থাকা কলাইকুন্ডা ও হাসিমারা বিমানবন্দরের কাজ এখন দ্রুত গতিতে এগোচ্ছে। এর পাশাপাশি কলকাতার ক্রমবর্ধমান যাত্রীচাপ সামলাতে এবং আন্তর্জাতিক সংযোগ ব্যবস্থা আরও জোরালো করতে দ্বিতীয় একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাও করছে কেন্দ্র।

মুখ্যমন্ত্রীর আশা, এই নতুন চুক্তি ও বিমান পরিকাঠামোর উন্নতির ফলে যাত্রী যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি বাংলায় প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। এছাড়াও কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ পণ্যের রপ্তানি ও বাণিজ্য ক্ষেত্রে এক নয়া দিগন্ত খুলে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *