কাঁচা ঘর ছেড়ে এবার চারতলা ফ্ল্যাট, শ্রমিকের মুখে হাসি ফোটালেন অর্জুন সিং!
বার্তা ডেস্কঃ
ব্যারাকপুর: পুজোর মুখেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে আনন্দের ঢল! এবার আর নোংরা বা অস্বাস্থ্যকর ঘিঞ্জি পরিবেশে দিন কাটাতে হবে না। জুট মিলের হাজার হাজার শ্রমিক পরিবারের মাথার ওপর স্থায়ী ও সুন্দর ছাদ করে দিতে বড় ঘোষণা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে শ্রমিকদের জন্য তৈরি হতে চলেছে আধুনিক আবাসন। খবরটি পৌঁছাতেই শ্রমিক মহল্লায় ঢাক-ঢোল বাজিয়ে, মিষ্টি মুখ করে আর নেচে-গেয়ে উল্লাসে মেতে ওঠেন জুটমিল কর্মীরা।
কী থাকছে এই আবাসন প্রকল্পে?
- স্বপ্নের ফ্ল্যাট: প্রতিটি পরিবার পাবে ৪৫০ স্কোয়্যার ফিট আয়তনের একটি করে নিজস্ব ফ্ল্যাট।
- আধুনিক ব্যবস্থা: ফ্ল্যাটে থাকছে ২টি বেডরুম, রান্নাঘর, আধুনিক শৌচালয় এবং পরিচ্ছন্ন পানীয় জলের সুব্যবস্থা।
- ভবন বিন্যাস: প্রতিটি আবাসন হবে ৪ তলার এবং প্রতি ফ্লোরে থাকবে ৪টি করে সুন্দর ফ্ল্যাট।
খরচের হিসেব: একটি ফ্ল্যাট তৈরিতে মোট খরচ ধরা হয়েছে সাড়ে ৫ লাখ টাকা। সেখানে দাঁড়িয়ে জুটমিল শ্রমিককে দিতে হবে মাত্র ৫০ হাজার টাকা। বাকি বিপুল পরিমাণ টাকা যৌথভাবে বহন করবে কেন্দ্র ও রাজ্য সরকার।
‘ভাবনার বাইরে ছিল এমন উপহার!’ বহুদিনের পুরোনো দাবি ও আশা পূরণ হতে চলায় চরম উচ্ছ্বসিত জুট মিলের কর্মচারীরা। তাঁদের কথায়, আগের কোনও সরকার শ্রমিকদের স্থায়ী আবাসন নিয়ে এভাবে ভাবেনি। মেঘনা জুট মিলের কর্মী অশোক সাহা আনন্দে আপ্লুত হয়ে জানান, “মন্ত্রী সাহেবের দৌলতে কাঁচা বাড়ি ছেড়ে এবার আমরা ফ্ল্যাট পেতে চলেছি। এটা আমাদের কল্পনারও বাইরে ছিল। সরকারের এই সাহায্য আমাদের জীবন বদলে দেবে।”