রাজনীতিতে কোয়েল: সকালে নায়িকা, বিকেলে ভিলেন!
বার্তা ডেস্কঃ
তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই পদত্যাগ করেছিলেন। আর এবার সরাসরি ভারতীয় জনতা পার্টির (BJP) হয়ে রাজ্যসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন বিশিষ্ট অভিনেত্রী কোয়েল মল্লিক। রাতারাতি অভিনেত্রীর এই রাজনৈতিক মেরু পরিবর্তন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। কোয়েলের প্রার্থী হওয়ার খবর সামনে আসতেই তীব্র আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির।
কোয়েল মল্লিকের এই দলবদল নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এক সময় শুভেন্দু অধিকারীও তৃণমূলে ছিলেন। এরা সবাই ভালো অভিনেত্রী—সকালে নায়িকা, আর বিকেলে ভিলেন!”
শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই নন, কোয়েল মল্লিককে নিশানা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য রাজনীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছা থেকেই সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের রাজনীতিতে এনে জনপ্রতিনিধি করেছিলেন। যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তখন সাংসদ হওয়ার জন্য তৃণমূলকে খুব ভালো লাগত। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই, অমনি বিজেপিতে যেতে হলো?” কয়েকজনের এমন আচরণে আক্ষেপ প্রকাশ করে তিনি যোগ করেন, মমতার এই সৌজন্যের যোগ্য সবাই নন।
তবে বিরোধী শিবিরের এই সমস্ত অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। কোয়েল মল্লিককে প্রার্থী করার সমর্থনে বিজেপি নেতা রাহুল সিনহা জানান, “কোয়েল মল্লিকের বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতির অভিযোগ নেই। ফলে তাঁকে প্রার্থী করায় কোনো বিতর্ক বা সমস্যার প্রশ্নই ওঠে না।”
রাজনৈতিক মহলে এই বাকযুদ্ধ চরমে উঠলেও নিজেকে কোনো বিতর্কে জড়াতে চাননি অভিনেত্রী কোয়েল মল্লিক। বিজেপির রাজ্যসভা প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর তিনি জানান, সব রাজনৈতিক দলই তাদের জায়গা থেকে ভালো কাজ করার চেষ্টা করে। গত কয়েক মাসে নতুন দল মানুষের জন্য একাধিক ভালো কাজ করেছে উল্লেখ করে এই সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান বলেই দাবি করেন তিনি।